‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শেষ দিনের শুটিং ঘিরে নতুন করে চর্চায় উঠে এলেন অভিনেতা জিতু কমল। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের জবাব দেন তিনি। বিশেষ করে তাঁর ব্যবহার, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে চলা নানা কানাঘুষোর বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা।
ধারাবাহিকের সেটে উপস্থিত টেকনিশিয়ানদের সঙ্গে একটি ছবি পোস্ট করে জিতু জানান, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গেলে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক। তবে তাঁর দাবি, এই প্রজেক্টের কোনও টেকনিশিয়ানের সঙ্গে তাঁর কখনও খারাপ সম্পর্ক তৈরি হয়নি। বরং তাঁদের সঙ্গেই তাঁর সবচেয়ে বেশি সখ্যতা তৈরি হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন অভিনেতা।
নিজের চরিত্র ও ব্যবহার নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিয়েছেন জিতু। তিনি লেখেন, ভবিষ্যতেও অনেকেই নানা কথা বলবেন, তাতে তাঁর কিছু যায় আসে না। কখনও ইচ্ছে হলে তিনি উত্তর দেবেন, আবার কখনও নীরব থাকবেন। তবে টেকনিশিয়ানদের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ভালো, সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন।
সহ-অভিনেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখার প্রসঙ্গেও খোলাখুলি কথা বলেন জিতু কমল। তাঁর কথায়, তিনি খুব সহজে অন্য শিল্পীদের সঙ্গে মিশতে পারেন না। তাই অনেক সময় দূরে দূরে থাকেন। এই স্বভাবকে কেউ অহংকার ভাবলে তাঁর কিছু বলার নেই। তবে এটাকে দুর্ব্যবহার বলা ঠিক নয় বলেই মনে করেন অভিনেতা।
আরও পড়ুনঃ শেষের মুখে ‘চিরদিনই তুমি যে আমার’? শিরিনের মন্তব্যে জোরালো জল্পনা! কি জানালেন অভিনেত্রী?
এর আগেও একটি পোস্টে জিতু জানিয়েছিলেন, কাজ চলাকালীন কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সেটি তখনই জানানো উচিত। কাজ শেষ হওয়ার পরে ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করা ঠিক নয় বলেও মত প্রকাশ করেন তিনি। ধারাবাহিক শেষের মুহূর্তে অভিনেতার এই মন্তব্য ঘিরে টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।





