সারেগামাপা সেটে জোজোর আদীপ্তর জন্মদিন পালন! খুদের হাসিতে মেতে উঠলেন সবাই!

গায়িকা জোজোর দত্তকপুত্র আদীপ্তর বয়স এখন ছয়। স্নেহে যার ডাকনাম আদি, সেই খুদে এবার জন্মদিন কাটাল একদম অন্য রকমভাবে। সারেগামাপা অনুষ্ঠানের সেটেই তার জন্মদিনের আয়োজন করা হয়। যেখানে গায়িকা জোজো বিচারকের আসনে আছেন। আনন্দে ভরা সে মুহূর্তের ছবি ও অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তিন বছর আগেও এই মঞ্চেই আদির জন্মদিন পালিত হয়েছিল, তবে এবার সে সবকিছু বুঝতে পেরে আরও বেশি উপভোগ করেছে।

জোজো লিখেছেন যে, সারেগামাপা দলের সবার ভালোবাসায় আদি আশীর্বাদ পেয়েছে প্রচুর। রূপম, রূপসা, ইমন, শুভমিতা, শ্রীরাধা, জিৎ, শান্তনু, রূপঙ্কর, কৌশিকীসহ পুরো ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার কথায়, ইশ্বরের কৃপায় আদি এত গুণী মানুষের সান্নিধ্যে আসতে পারছে, যা তার জন্য ভীষণ সৌভাগ্যের। সবার প্রতি তিনি সন্তানের পক্ষ থেকে প্রণাম জানিয়েছেন এবং একইভাবে আশীর্বাদ করার অনুরোধ করেছেন।

জন্মদিনের মুহূর্তে দেখা যায় ছোট্ট আদিকে লাল কো অর্ড পোশাকে উজ্জ্বল হয়ে উঠতে। মাথায় জন্মদিনের টুপি, পাশে মা জোজো। গান গাইতে গাইতে সবাই মিলে কেক কাটতে সাহায্য করে তাকে। জোজো নিজেই ছেলের মুখে কেক তুলে দেন, আদরে গালে মেখে দেন একটু। চারপাশে আনন্দে ভরে ওঠে সারেগামাপার সেট। ইমনও আদিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন যে, ইমন মাসি তাকে খুব ভালোবাসেন এবং বড় হয়ে যেন ভালো মানুষ হয়।

করোনাকালের কঠিন সময়ে জোজো একাই সামলেছিলেন আদিকে। বাইরে কাউকে রাখতে পারতেন না বলে খাবার থেকে ওষুধ সব কিছু নিজ হাতে সামলাতেন। সেই সময়ের সংগ্রামই আজকের এই আনন্দকে আরও গভীর করে তুলেছে। জোজোর মেয়ে বাজোও তার দত্তক ভাইকে মন থেকে গ্রহণ করেছে। বাজো নাকি এখন আদির দ্বিতীয় মা, সব খেয়াল রাখে। আদিও ছোট থেকেই গানের পরিবেশে বড় হয়েছে আর ড্রাম বাজাতে তার দারুণ দক্ষতা রয়েছে।

দত্তক নেওয়ার পর জোজোকে অনেক অনুচিত মন্তব্য ও ট্রোলের মুখে পড়তে হয়েছিল। এমনকি আদির গায়ের রং নিয়েও কটাক্ষ করা হয়। সেই সময় তীব্র ভাষায় জবাব দিয়েছিলেন তিনি। নিজের সন্তানের প্রতি তাঁর যে ভালবাসা অটল, তা আবারও প্রমাণিত হয় এই জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে। জোজোর জীবনে গান ও আদি যেন দুটো সবচেয়ে আলাদা ও উজ্জ্বল আলো।