২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর এবার ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এককভাবে ২০৭টি আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়েছে, অন্যদিকে তৃণমূল থেমেছে ৮০ আসনে। ফল প্রকাশের পর থেকেই একাধিক তারকা নেতা ও বিধায়কের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ভোটের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা কাঞ্চন মল্লিক। রাজ পরাজয়ের পর সামাজিক মাধ্যমে জানান, তাঁর রাজনৈতিক জীবনের অধ্যায় শেষ হয়েছে। অন্যদিকে কাঞ্চনও স্পষ্ট করেছেন, তিনি নিজেকে রাজনীতির চেয়ে অভিনয়ের জন্য বেশি উপযুক্ত মনে করেন।
এই পরিস্থিতির মাঝেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, যারা ভোটে হেরে রাজনীতি ছাড়ছেন বা দল ছাড়ছেন, তাঁরা কি বিধায়ক হিসেবে পাওয়া পেনশন ও অন্যান্য সুবিধাও ছাড়বেন? যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই মন্তব্য ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যায় নেটদুনিয়ায়।
জয়জিতের পোস্টে বহু নেটিজেনও মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, অনেকেই নাকি সুবিধার আশাতেই রাজনীতিতে এসেছিলেন। আবার কেউ দাবি করেছেন, ক্ষমতা হারানোর পর এখন দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। ফলে অভিনেতার পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও তা নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুনঃ এক রাতের রহস্য! আসছে ‘গোর্কির মা’! নতুন সিরিজে সৌরভ-দর্শনা-অনন্যা!
প্রসঙ্গত, ভোটে হারের পর ব্যারাকপুরে গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় কটাক্ষের মুখে পড়েছিলেন রাজ চক্রবর্তী। পরে তিনি সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে কাঞ্চন মল্লিক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, দলের অভ্যন্তরীণ সমস্যাই এই ভরাডুবির অন্যতম কারণ।





