শাড়ি হোক বা চুমু—যে কোনও বিতর্কিত প্রসঙ্গে নিজের মতামত রাখতে কখনও পিছপা হন না অভিনেত্রী মমতাশঙ্কর। আর তাঁর সেসব মন্তব্য নিয়েই প্রায়শই তৈরি হয়েছে উত্তেজনা, ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলের ঝড়েও পড়তে হয়েছে তাঁকে। তবে এসব নিয়ে একেবারেই মাথা ঘামান না মমতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতিমতো স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “আমি তো কাউকে জোর করছি না কিছু পরতে। আমি শুধু নিজের মত বলেছি। বাকিদের মতো আমারও তো কথা বলার অধিকার আছে!”
তিনি আরও বলেন, “আমি একটু সোজাসাপ্টা কথা বলি, তাই নিয়ে ট্রোল হচ্ছে। কিন্তু এ তো আমার ব্যক্তিগত মত। আমি কারও উপর কিছু চাপিয়ে দিচ্ছি না। নিজের স্বার্থেও কিছু বলিনি।”
ধূমপান প্রসঙ্গে তাঁর বক্তব্য, “মডার্ন হতে হলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া গর্বের নয়, এটা আসলে বোকামি। আজকাল অনেকেই নিজেকে প্রগতিশীল প্রমাণ করতে গিয়ে এমন সব কাণ্ড করেন, যেটা আসলে ভুল বার্তা দেয়।”
খোলামেলা পোশাক নিয়ে অভিনেত্রীর খোলামেলা মন্তব্য: “আমাদের মেয়েরা যখন অতি খোলামেলা পোশাক পরে, তখন প্রশ্ন ওঠে, নিজেদের সম্মান কোথায় রাখছি আমরা? রাস্তায় পাগলরা তো জামাকাপড় খুলেই ঘোরে, তাহলে আমাদের সঙ্গে ওদের ফারাকটা কোথায়? একজন মেয়ে হিসেবে আমাদের সম্মানবোধ থাকা দরকার। প্রত্যেক নারীরই সেটা বজায় রাখা উচিত।”
আড়ও পড়ুনঃ ‘রিমেক নয়, মৌলিকতা চাই’ নতুন প্রজন্মকে কড়া বার্তা দিলেন বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়
সম্প্রতি ‘চুমু বিতর্ক’-এর সময়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। বলেছিলেন, “আমি এসব একেবারেই সমর্থন করি না। এগুলো দেখে ছোটদের মধ্যে কী বার্তা যাচ্ছে? ওরা ছোট থেকেই এসব দেখছে, ফোনে পাচ্ছে। ফলে মূল্যবোধ বলতে কিছু থাকছে না। এরপর তো আর কিছু বাকি থাকবে না, সবকিছু করার সাহস পেয়ে যাবে সকলে। জায়গা, সময়, পরিস্থিতির কোনও তোয়াক্কা থাকবে না। জন্তুরাও আজকাল আমাদের চেয়ে অনেক সচেতন।”
স্পষ্টতই, মমতাশঙ্কর নিজের ভাবনা ও মূল্যবোধ থেকে একটুও সরে আসেননি। ট্রোল বা বিতর্কের তোয়াক্কা না করে নিজের বক্তব্যেই অনড় অভিনেত্রী।





