একসময় মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্করের সম্পর্ক নিয়ে বলিউড-বাংলা মিডিয়ায় নানা জল্পনা চলত। অনেকে তো বলতেন, ‘মৃগয়া’ ছবির শুটিংয়ের সময়েই নাকি একে অপরের প্রেমে পড়েন দু’জনে। এমনকী তাদের নাকি বিয়ের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পুরনো গুঞ্জনেরই সত্য-মিথ্যে সামনে আনলেন মমতা নিজেই।
মমতা শঙ্কর অকপটে বললেন, “আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয়েছিল, তখন মিঠুনের হাতে তেমন কাজ ছিল না। কিন্তু হঠাৎ করেই একের পর এক কাজ পেতে শুরু করে ও। তখন ও আমাকে বলেছিল, এখনই বিয়ে করা সম্ভব নয়, অন্তত দু’বছর সময় দিতে হবে। কিন্তু আমার পক্ষে তখন আর সেটা সম্ভব ছিল না।”
তবে এই সম্পর্ক ভাঙার পেছনে মিঠুনের ‘অন্য নায়িকার সঙ্গে সম্পর্ক’ই কি প্রধান কারণ?
এই প্রশ্নে মমতা একেবারে স্পষ্ট, “না না, ব্যাপারটা একেবারেই সেটা নয়। এটা ঠিক, সারিকা-সহ অনেক অভিনেত্রীর সঙ্গে ওর সম্পর্কের কথা তখন শোনা যাচ্ছিল। আমি মুম্বই গিয়েও অনেক কিছু জানতে পেরেছিলাম। কিন্তু পরে মিঠুন আমাকে বলেছিল, কাজের জায়গায় অনেক কিছু করতেই হয়। তাই সেই কারণেই আমাদের সম্পর্ক ভাঙেনি।”
আরও পড়ুনঃ “আমাকে বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি!”—মৃত্যুর আগে ডাক্তারকে কি বলেছিলেন উত্তমকুমার?
বিয়েটা না হলেও সম্পর্কটা তিক্ত হয়নি। আজও একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা রয়েছে। একসঙ্গে কাজও করছেন। ‘প্রজাপতি’ ছবিতেই তো আবার একফ্রেমে ধরা দিয়েছেন মিঠুন আর মমতা।
সময়ের আবর্তে অনেক কিছু বদলায়, কিন্তু কিছু সম্পর্ক থেকে যায় বিশেষ। মমতা- মিঠুনের এই বন্ধুত্বও ঠিক সেরকমই।





