‘জীবনে কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়’, লং ডিস্ট্যান্সে নীল-তৃণা—কীভাবে সামলাচ্ছেন এই ‘দূরত্ব’?

টলিপাড়ার অন্যতম প্রিয় জুটি—নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। রিল থেকে রিয়েল, সব জায়গাতেই তাঁদের রসায়ন নজর কাড়ে দর্শকদের। তবে এখন একটু অন্য রকম সময় যাচ্ছে তাঁদের জীবনে।

এই মুহূর্তে নীল রয়েছেন মুম্বইয়ে। শুধু ঘুরতে নয়, বেশ কিছুটা সময় ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুর্গাপুজো পর্যন্ত মুম্বই থাকবেন বলেই জানালেন। নতুন কাজের প্রস্তুতি চলছে পুরোদমে—হিন্দি শেখা, নাচ শেখা, জিমে নিজেকে ফিট রাখা—সব মিলিয়ে একেবারে নতুন এক মিশনে নামছেন নীল।

অন্য দিকে, তৃণা রয়েছেন কলকাতায়। শুরু করেছেন নতুন ধারাবাহিক ‘পরশুরাম’-এর শুটিং। সেই সিরিয়াল ইতিমধ্যেই টিআরপি-র লিস্টে বেশ ভালো জায়গায়। ফলে কাজের চাপ তো থাকছেই, ছুটি পাওয়ারও বিশেষ সম্ভাবনা নেই।

এদিকে এই আলাদা থাকার পরিস্থিতিতে তাঁদের সম্পর্ক আপাতত লং ডিস্ট্যান্স! এই নতুন চ্যালেঞ্জটা কীভাবে সামলাচ্ছেন তাঁরা? নীল খোলাখুলি বললেন, “তৃণা কলকাতায়, আমি মুম্বইয়ে। হ্যাঁ, দূরত্ব তো হয়েইছে। কিন্তু আমরা দু’জনেই যথেষ্ট ম্যাচিওর। দূরত্ব থাকলেও, সম্পর্ক যেন ঠিকঠাক থাকে, সেটাই চেষ্টা করছি। মনটা একটু খারাপ লাগছে, দুঃখ তো হয়ই… কিন্তু জীবনে কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতেই হয়, তাই না?”

সম্প্রতি টলিপাড়ায় কানাঘুষো ছিল, নাকি নীল-তৃণার সম্পর্কে ফাঁকফোকর তৈরি হচ্ছে! কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন তাঁরাই। তারা দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বলেছেন। জানিয়েছেন, বাস্তব জীবনে তাঁদের মধ্যে কোনও দূরত্ব নেই।

শহর ছাড়ার আগেও বন্ধুদের সঙ্গে পার্টিতে একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। সেই পার্টিতেই পছন্দের গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে নীল-তৃণাকে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল। অনুরাগীরা বলছেন, “এই জুটিকে আমরা এমনটাই দেখতে চাই।”

এখন দেখার, মুম্বইতে নীলের কেরিয়ার কোনদিকে এগোয়। আর তৃণার নতুন ধারাবাহিকও কোন উচ্চতায় পৌঁছায়—সব মিলিয়ে তাঁদের দু’জনের জন্যই সামনে রয়েছে নতুন অধ্যায়ের শুরু।