অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, একসঙ্গে ফিরছেন শ্রুতি দাস আর আরাত্রিকা মাইতি। অবশেষে এল সেই খবরের সত্যতা। প্রকাশ্যে এল তাঁদের নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা-র প্রোমো। আসানসোলের কয়লাখনির পটভূমিতে বোনা এই গল্পে থাকছে দুই বোনের সম্পূর্ণ ভিন্ন জীবনযাত্রা।
ছোট বোন উজির চরিত্রে রয়েছেন আরাত্রিকা। শান্ত, আর্শবাদী এই মেয়ে সংসারের সব কাজ সামলে লেখাপড়া করে, সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে। বাবা আর দিদিকে ভালো রাখার ইচ্ছেই তাকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে বড় বোন নিশা, অর্থাৎ শ্রুতি দাস, সম্পূর্ণ উলটো স্বভাবের। তার লক্ষ্য শুধু বড়লোক হওয়া। সেই জন্য সাইবার জালিয়াতির মতো অপরাধেও জড়াতে দ্বিধা নেই তার।
প্রোমোতে দেখা যাচ্ছে, পরীক্ষা দিতে যাওয়ার পথে পুলিশ হানা দেয় নিশার আস্তানায়। খবর পেয়ে উজি নিজের পরীক্ষা জলাঞ্জলি দিয়ে ছুটে যায় দিদিকে বাঁচাতে। যদিও পুলিশের হাত থেকে নিশাকে মুক্ত করতে সে সফল হয়, তবুও দিদির মনে সামান্য অনুশোচনাও নেই। বরং ব্যাগ থেকে টাকা বের করে গর্বের সঙ্গে জানায়, বোন সরকারি চাকরি করে যত আয় করবে, তার থেকেও বেশি সে রোজগার করবে প্রতারণা করে।
এরপর প্রোমোতে দেখা যায়, নিশার পরবর্তী টার্গেট এক রিয়েল এস্টেট ব্যবসায়ী, ব্যানার্জী বিল্ডার্সের মালিক বীর শর্মা। উজি তখন দিদিকে বোঝায়, এখনও সময় আছে, ফিরে আয়। না হলে একদিন আমিই তোর পথের বাধা হব। এখান থেকেই শুরু হচ্ছে দুই বোনের টানাপোড়েন।
আরও পড়ুনঃ মুম্বাইয়ে টানা বৃষ্টিতে বিপাকে বচ্চন পরিবার, জলমগ্ন অমিতাভের বাড়ি!
এখন দেখার বিষয়, এই বিপরীতধর্মী দুই বোনের জীবন কোন পথে যায়। ভালোবাসার মানুষ বীর শর্মা কাকে বেছে নেবেন, তাও সমান কৌতূহলের। যদিও এখনও জি বাংলা ঘোষণা করেনি জোয়ার ভাঁটা-র সম্প্রচারের সময়। দর্শক এখন অপেক্ষায়, কবে ছোটপর্দায় শুরু হবে এই নতুন লড়াইয়ের গল্প।





