আদালতের নির্দেশে জেলেই বিয়ে করলেন গায়ক নোবেল, কে এই কনের পরিচয়?

অপহরণ এবং ধর্ষণের অভিযোগে কারাবন্দি সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল আচমকাই বিয়ে করলেন সেই তরুণীকে, যাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তিনি ছিলেন জেল হেফাজতে। বৃহস্পতিবার আদালতের নির্দেশ পেয়েই বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। উপস্থিত ছিলেন দুই পক্ষের চারজন সাক্ষী। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।

সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে নোবেলের। গার্হস্থ্য হিংসা, প্রতারণা, একাধিক বিবাহ এবং মাদকাসক্তির অভিযোগে নানা মামলায় ঘন ঘন শিরোনামে এসেছেন তিনি। কিছু মাস আগে নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েই ফের গ্রেফতার হন ডেমরা থানার পুলিশ দ্বারা—অভিযোগ, অপহরণ এবং যৌন নির্যাতন।

তাঁরই পরিচিত এক তরুণী অভিযোগ করেন, ২০২৩ সালের ১২ নভেম্বর তাঁকে নিজের স্টুডিয়ো দেখানোর নাম করে ডেকে নিয়ে যান নোবেল। রাত হয়ে যাওয়ায় তরুণী বেরোতে চাইলে তাঁর ফোন কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন গায়ক। এরপর তাঁকে ধর্ষণ করেন এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেন। অভিযোগ, পরবর্তী সাত মাস ধরে তাঁকে জোর করে আটকে রাখেন নোবেল। তরুণীর দাবি, তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল।

ডেমরা থানার জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল ও ওই তরুণীর পরিচয় ফেসবুক মারফত, ২০১৮ সালে। অভিযোগকারিণী তখন ঢাকার একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

গ্রেফতার হওয়ার পর নোবেল দাবি করেন, ওই তরুণী তাঁর স্ত্রী। তবে সে দাবি আদালতে প্রমাণ করতে পারেননি, কারণ বৈবাহিক নথি দেখাতে ব্যর্থ হন তিনি। আদালতের নির্দেশে অবশেষে তাঁদের বিয়ে সম্পন্ন হয় জেল চত্বরে। তবে নোবেলের আগের স্ত্রী সালসাবেল মাহমুদের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
চরম বিতর্কে জর্জরিত এই বিয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমাজমাধ্যমে ও সংবাদমাধ্যমে।