‘রক্তবীজ ২’-এর প্রথম গান মুক্তি পাওয়ার পর দর্শকরা খুশি হয়েছিলেন। কিন্তু এবার দ্বিতীয় গান প্রকাশ্যে আসতেই যেন উল্টোটাই ঘটল। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস…’। গানেই দেখা মিলল নুসরত জাহানের গ্ল্যামারাস অবতার। কখন সাইকেলে, কখন আবার হাতে বিড়ি—প্রতিটি ফ্রেমেই উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু দর্শকদের অনেকেরই সে সব একেবারেই ভালো লাগেনি।
উইন্ডোজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে গানটির ভিডিও প্রকাশ করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছিল, “দেশের সীমান্ত হোক কিংবা নারী-পুরুষের শরীর, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না!” ট্যাগলাইনের মতো বার্তা দিয়ে গানটি রিলিজ করলেও, মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে কটাক্ষে। দর্শকদের একাংশের মতে, গানটির সুর, লিরিক্স আর কনসেপ্ট—সবকিছুই হতাশাজনক।
নেটিজেনদের প্রতিক্রিয়া বেশ তীব্র। একজন লিখেছেন, “কী হয়েছে উইন্ডোজ? কী জঘন্য গান!” আরেকজন লিখেছেন, “এটা গান? এভাবে কেউ গান বানায়?” কারও কথায়, “আগে বাংলায় যত আইটেম সং হয়েছে, তার তুলনায় এটা সব থেকে বাজে।” এমনকি মিমি চক্রবর্তীর নাম টেনে কটাক্ষ করে কেউ কেউ বলেছেন, “মিমির বিকিনি সংটাই রিলিজ করে দিন না, ছবির মূল আকর্ষণ তো উনিই।” স্পষ্ট বোঝা যাচ্ছে, নুসরত থাকলেও দর্শকরা গানটিকে একেবারেই পছন্দ করতে পারেননি।
এর আগে ‘ও বাবুর মা’ গানটি প্রকাশ্যে এসেছিল এবং সেই গান দর্শকরা ভালোভাবেই গ্রহণ করেছিলেন। কিন্তু ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস…’ একেবারেই মন জয় করতে পারেনি। বরং উল্টে সমালোচনার মুখে পড়েছেন নির্মাতারা। আইটেম গানের জায়গায় দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি, সেটাই এবার ভীষণভাবে খামতি রেখে গেল বলে অভিযোগ।
আরও পড়ুনঃ মাদকবিরোধী প্রচারে আলিয়া ভাট! সচেতনতার বার্তা দিতে গিয়ে উল্টে ট্রোলের শিকার আলিয়া! “নিজের বর,বাবাকে দিয়ে শুরু করুন” বার্তা নেটিজেনদের!
প্রসঙ্গত, ‘রক্তবীজ ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, কাঞ্চন মল্লিক এবং কৌশানী মুখোপাধ্যায়। প্রথম ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা উঠে এসেছিল। এবার গল্পে থাকবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের প্রেক্ষাপট। দুর্গাপুজোর আগে, আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’।





