ছোটবেলার ছবি ভাইরাল, রিল-রিয়েল সবেতেই চর্চায় নায়িকা! জানেন কে এই অভিনেত্রী?

ছবির মেয়েটিকে চিনতে পারছেন? শার্ট, টাই, কানে দুল আর চুলে খোপা—ছোট্ট এই মেয়েটিই আজ বাংলা ছোটপর্দার পরিচিত মুখ। তিনি আর কেউ নন, ‘কথা’ সিরিয়ালের জনপ্রিয় মুখ সুস্মিতা দে। বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।

এর আগেও দর্শক তাঁকে ভালোবেসেছেন ‘পঞ্চমী’, ‘বউমা এক ঘর’, ‘অপরাজিতা অপু’-র মতো জনপ্রিয় মেগা ধারাবাহিকে। তবে ‘কথা’ ধারাবাহিকই তাঁর জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ‘কথা’ ও ‘অগ্নি’র অনস্ক্রিন জুটি। বাস্তব জীবনেও সুস্মিতা ও ‘অগ্নি’র চরিত্রাভিনেতা সাহেব ভট্টাচার্যের প্রেমের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে টেলিপাড়ায়। যদিও দু’জনেই নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেন।

অন্যদিকে, ২০২৪ সালে সুস্মিতার ব্যক্তিগত জীবনও ছিল সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক, এমনকি বাগদান পর্যন্ত হয়েছিল তাঁর বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে। দু’জনে একসঙ্গে থাকার জন্য একটি ফ্ল্যাটও কিনেছিলেন।

অনির্বাণ পেশায় বিজ্ঞাপনজগতের সঙ্গে যুক্ত। সেখানেই আলাপ সুস্মিতার সঙ্গে। বহু ফটোশ্যুটে মডেল হিসেবে ধরা দিয়েছেন সুস্মিতা। একসময় তাঁদের প্রেমের রোম্যান্টিক মুহূর্তে ভরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায় সম্পর্ক।

ছোটবেলার ছবিতে আজকের এই জনপ্রিয় নায়িকাকে দেখে যেমন চমকে উঠেছেন অনেকেই, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের উত্থান-পতনেও বেশ আগ্রহী দর্শক। তবে সব ছাপিয়ে এখন তিনি টেলিপর্দার এক উজ্জ্বল নাম।