একসময় টিআরপি তালিকায় দাপট দেখানো ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে দর্শকদের আগ্রহ ফেরাতে এবার গল্পে আনা হচ্ছে বড়সড় মোড়। নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। রহস্য, অ্যাকশন আর সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে আগামী পর্বগুলো যে জমজমাট হতে চলেছে, তা স্পষ্ট।
সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যায়, একটি বিয়েবাড়িতে পৌঁছে পরশুরাম দেখতে পায় বর কনের দিকে বন্দুক তাক করে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেও বন্দুক তুলে ধরে। মুহূর্তের মধ্যেই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। মারামারির মাঝেই পরশুরামের ঘাড়ে রড দিয়ে আঘাত করা হয়। ঠিক সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং গুলি গিয়ে লাগে তাঁর পিঠে।
সবচেয়ে বড় চমক আসে এরপর। আহত অবস্থায় মাটিতে পড়ে যাওয়া পরশুরামের সামনে দেখা যায় তটিনীর হাতে বন্দুক। এই দৃশ্য দেখেই প্রশ্ন উঠেছে, তবে কি তটিনীই নিজের স্বামীকে গুলি করল? যদিও প্রোমোতে আরও দেখা যায়, এক রহস্যময় ব্যক্তি তটিনীকে নির্দেশ দিচ্ছে নিজের আসল রূপ সামনে আনতে। তারপরই সে বন্দুক হাতে ঘটনাস্থলে পৌঁছয়।
ঘটনার পর তটিনীকেও মারধরের শিকার হতে দেখা যায়। রডের আঘাতে গুরুতর আহত হয় সে। ফলে গোটা ঘটনাটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরশুরাম কি এই হামলা থেকে বাঁচবে, নাকি গল্পে আসবে আরও বড় পরিবর্তন? একই সঙ্গে তটিনীর ভূমিকা নিয়েও তৈরি হয়েছে নতুন জল্পনা। দর্শকদের একাংশের মতে, দু’জনেই হয়তো গভীর কোনও ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে।
আরও পড়ুনঃ ভরদুপুরে আকাশে এক অদ্ভুত দৃশ্য! শুটিং সেটে বিরল দৃশ্য দেখে অবাক সোহিনী সান্যাল!
স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিকটি ব্লুজ প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে। প্রতিদিন রাত ৮টায় সম্প্রচারিত হওয়া সিরিয়ালটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা। আগামী ১৪ এবং ১৫ মে সম্প্রচারিত বিশেষ পর্বে এই রহস্যের জট আরও বাড়বে বলেই ইঙ্গিত মিলেছে। নতুন মোড়ে ধারাবাহিকটি আবারও দর্শকদের মন জয় করতে পারে বলেই মনে করছেন অনেকে।





