রাতের কলকাতায় টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২ যুবক

কলকাতার কসবা কলেজে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরের নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন। এবার নিশিরাতে এক টলি অভিনেত্রীর উপর শ্লীলতাহানির অভিযোগ সামনে এল।

জানা গিয়েছে, একটি ধারাবাহিকের শ্যুটিং শেষ করে গভীর রাতে বাড়ি ফিরছিলেন ওই অভিনেত্রী। পথে বন্ধুদের সঙ্গে বাপুজি নগর এলাকার একটি ক্যাফেতে ঢুকেছিলেন তিনি। ঠিক তখনই ঘটে চাঞ্চল্যকর ঘটনা।

অভিযোগ, আচমকা একটি গাড়ি এসে থামে ক্যাফের সামনে। গাড়িতে থাকা দুই যুবক অভিনেত্রীকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। প্রতিবাদ করেন অভিনেত্রীর বন্ধুরা। কিন্তু তাতে আরও ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে অভিযুক্তরা। এরপরই শুরু হয় গালিগালাজ, হুমকি। এমনকি অভিনেত্রীকে গাড়ি থেকে নামিয়ে তাঁর হাত ধরে টানাটানি এবং মারধরের অভিযোগও উঠেছে।

চোখের পলকেই ব্যাপারটা এতটাই তুঙ্গে ওঠে যে পুলিশ ডেকে পাঠানো হয়। যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ভোররাত তিনটে নাগাদ। কিন্তু এখানেই শেষ নয়—অভিনেত্রীর দাবি, পুলিশের সামনেই তাঁকে মারধর করে অভিযুক্তরা। এমনকি, পুলিশকেও হুমকি দেয় তারা।

পরে থানায় গিয়ে অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। যদিও প্রথমে গোটা বিষয়টা ‘মিটমাট’ করে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। তবে অভিনেত্রী তাতে রাজি হননি।

ঘটনার পিছনে গাড়ি পার্কিং ঘিরে কোনও গোলমাল ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে তারা, চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুনঃ ‘রোশনাই’ শেষ, এবার মুম্বই! বলিউডে পা রাখতে চলেছেন অস্মি ঘোষ?

প্রসঙ্গত, কিছুদিন আগেই কসবায় ল’ কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল শহর। তারপর আইআইএম জোকার বয়েজ হস্টেলেও ধর্ষণের অভিযোগ ওঠে। তার মাঝেই ফের রাতের কলকাতায় এক অভিনেত্রী হেনস্তার শিকার হওয়ায় উদ্বেগ বেড়েছে শহরবাসীর মধ্যে।

নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল এই ঘটনা।