প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে চাঞ্চল্যকর দাবি! অভিনেত্রীর রুক্ষ আচরণে অপমানিত আন্তর্জাতিক শিল্পী?

বলিউড পেরিয়ে আজ আন্তর্জাতিক বিনোদন জগতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিশ্বের নানা প্রান্তের শিল্পী, পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতার ভাঁড়ার থেকেই সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে কিছু ব্যক্তিগত স্মৃতি ভাগ করে নিয়েছেন জনপ্রিয় স্টাইলিস্ট ক্যারি টউবেন।

হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’-র সময় প্রিয়ঙ্কার পোশাক ও স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ক্যারি। তাঁর কথায়, প্রথম থেকেই অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল ইতিবাচক। প্রিয়ঙ্কা বন্ধুসুলভ আচরণ করতেন, কাজের প্রশংসাও করতেন এবং টিমের সঙ্গে সহজভাবে মিশে যেতেন।

তবে পোশাক নির্বাচনের সময় কিছু বিষয় তাঁকে অবাক করেছিল বলেও জানিয়েছেন ক্যারি। তাঁর দাবি, ট্রায়ালের সময়ে প্রিয়ঙ্কা মাঝে মাঝে পোশাক বা আনুষঙ্গিক জিনিসপত্রের প্রতি যথেষ্ট যত্নশীল থাকতেন না। বিষয়টি তাঁর কাছে কিছুটা অস্বস্তিকর মনে হয়েছিল এবং সেই অভিজ্ঞতা এখনও তাঁর মনে রয়েছে।

স্টাইলিস্ট জানান, শুটিংয়ের জন্য বিভিন্ন নামী ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনারদের কাছ থেকে অত্যন্ত দামি পোশাক, জুতো ও অন্যান্য সামগ্রী আনা হত। সেইসব জিনিসের মূল্য অনেক বেশি হওয়ায় সেগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ছিল। এমনই এক ঘটনার কথা বলতে গিয়ে তিনি জানান, একটি দামি জুতো অভিনেত্রী পা দিয়ে সরিয়ে দিয়েছিলেন বলে তাঁর মনে রয়েছে।

তবে এই অভিজ্ঞতার কথা শেয়ার করলেও প্রিয়ঙ্কার প্রতি কোনও বিরূপ মনোভাব নেই বলে স্পষ্ট করেছেন ক্যারি। তাঁর মতে, কাজের সূত্রে তাঁদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্ক আজও অটুট রয়েছে। তাই একটি নির্দিষ্ট ঘটনার কথা মনে থাকলেও অভিনেত্রীর সঙ্গে তাঁর পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের ওপর তার কোনও নেতিবাচক প্রভাব পড়েনি।