আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে রাইমা সেন অভিনীত নতুন ছবি ‘আবার হাওয়া বদল’। ছবির প্রচারে এসে টলিউডের সাম্প্রতিক নানা পরিবর্তন ও বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রির চলতি রাজনৈতিক আলোচনা থেকে নিজেকে যথেষ্ট দূরে রাখতেই স্বচ্ছন্দ বলে জানালেন তিনি।
সাম্প্রতিক সময়ে টলিউডে ফেডারেশন, কনফেডারেশন এবং বিভিন্ন সাংগঠনিক পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ প্রসঙ্গে রাইমার বক্তব্য, বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির অনেকেই পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই পরিবর্তন ঘটেছে এবং বিষয়টি নিয়ে তিনি খুশি। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।
প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর ইন্ডাস্ট্রির অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। কিন্তু রাইমা সেনের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, স্বরূপ বিশ্বাস নামে কাউকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং কোনওদিন তাঁর সঙ্গে সরাসরি দেখা বা কাজের অভিজ্ঞতাও হয়নি।
অভিনেত্রীর কথায়, যাঁর সঙ্গে কখনও পরিচয়ই হয়নি, তাঁকে নিয়ে ভালো বা খারাপ মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই স্বরূপ বিশ্বাসকে ঘিরে চলা বিতর্ক বা তাঁর গ্রেফতারি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতেও তিনি রাজি নন। বিষয়টি সম্পর্কে নিরপেক্ষ অবস্থানই বজায় রেখেছেন তিনি।
আরও পড়ুনঃ ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ঘিরে বি’স্ফোরক তথ্য! ছবি মুক্তির জন্য স্বরূপ-পিয়ারা নিয়েছিলেন ১৩ লক্ষ টাকা? দাবি শতদীপের
আড্ডায় উঠে আসে আরেকটি আলোচিত প্রসঙ্গও। টলিউডে বন্ধুত্বের সম্পর্কে রাজনৈতিক মতাদর্শের প্রভাব কতটা পড়া উচিত, সেই প্রশ্নের উত্তরে রাইমা বলেন, কোনও সম্পর্কের উপর রাজনীতির ছায়া পড়া কাম্য নয়। তাঁর মতে, বন্ধুত্ব যদি সত্যিই দৃঢ় ও আন্তরিক হয়, তাহলে রাজনৈতিক মতভেদও সেই সম্পর্ককে ভাঙতে পারে না।





