বাবা আর মেয়ের সম্পর্ক সব সময়ই আলাদা এক অনুভূতির জায়গা তৈরি করে। সেই আবেগেরই এক সুন্দর ঝলক ধরা পড়ল পরিচালক ও প্রযোজক Raj Chakraborty-র শেয়ার করা একটি ভিডিয়োতে। সেখানে দেখা যাচ্ছে, তিনি চুপচাপ বসে রয়েছেন আর পাশে তাঁর মেয়ে ইয়ালিনি নিজের মতো করে বাবার যত্ন নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মন ছুঁয়ে যায়।

ভিডিয়োতে দেখা যায়, বাবার পায়ে ব্যথা হয়েছে শুনে ছোট্ট ইয়ালিনি নিজেই ক্রিম নিয়ে এসে মালিশ করতে শুরু করেছে। তার ছোট ছোট হাতে যত্ন করে বাবার পা টিপে দিচ্ছে সে, যেন একটু আরাম পায়। এই দৃশ্য নিছক দুষ্টুমি নয়, বরং একটি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকেই। এমন মুহূর্তই বাবা মেয়ের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
একজন বাবার কাছে এমন সময়গুলোই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। দিনের পর দিন পরিশ্রম করে সন্তানের হাসি দেখার চেষ্টা করেন যাঁরা, তাঁদের কাছে সন্তানের এই ছোট ছোট যত্নই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি। ইয়ালিনির এই আচরণ যেন সেই অনুভূতিকেই আরও স্পষ্ট করে তুলে ধরেছে।
শুধু ইয়ালিনিই নয়, নিজের ছেলের সঙ্গেও এক মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন রাজ। আরেকটি ভিডিয়োতে দেখা যায়, ইউভান বাড়ির বাগানে সাইকেল চালাচ্ছে। কখনও এক হাতে, কখনও দুই হাত ছেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে সাইকেল চালাতে দেখা যায় তাকে। মাঝেমধ্যে আবার পুকুরের ধারে গিয়ে মাছ ধরার অভিনয়ও করছে সে, যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুনঃ মস্কো চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘বিসর্জন’! আন্তর্জাতিক মঞ্চে বাংলার নতুন উড়ান!
এই দুটি মুহূর্ত শেয়ার করে রাজ লিখেছেন, তিনি তাঁর সন্তানদের খুব মিস করছেন। কাজের ব্যস্ততায় এখন বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হচ্ছে তাঁকে। কারণ, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ব্যারাকপুর থেকে প্রার্থী হিসেবে লড়ছেন। তাই সিনেমার পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব সামলাতে গিয়ে পরিবার থেকে দূরে থাকলেও, সন্তানদের সঙ্গে কাটানো স্মৃতিগুলোই তাঁকে ভরসা দিচ্ছে।





