টেলিভিশনের পর্দায় বরাবরই ‘ভালো ছেলে’ হিসেবে পরিচিত ছিলেন রাজদীপ গুপ্ত। কখনও আদর্শ পুত্র, কখনও আদর্শ স্বামী—এই রকমই চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার সেই চেনা ইমেজ ভেঙে তিনি এসেছেন একেবারে নতুন রূপে—ভিলেন হিসেবে!
বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’-তে ‘দেবীপ্রসাদ’ চরিত্রে দেখা যাচ্ছে রাজদীপকে। এই প্রথমবার একেবারে নেগেটিভ রোলে তিনি। পঞ্চমী ধারাবাহিকের পর প্রায় এক বছর বিরতি নিয়েছিলেন। এবার ফিরলেন এক্কেবারে অন্য স্বাদ নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই নতুন যাত্রা নিয়ে মুখ খোলেন রাজদীপ। বললেন,
“খুব অন্যরকম লাগছে। কারণ এতদিন ধরে আমি সবসময় ভালো ছেলে বা বর ছিলাম পর্দায়। একটু যেন একঘেয়ে লাগছিল। এই চরিত্রটা আমাকে চ্যালেঞ্জ করছে।”
এখানেই থেমে থাকেননি তিনি। দেবীপ্রসাদ রূপে পৌরাণিক ধারাবাহিকে অভিনয় করছেন বলেই যে বাড়তি চাপ রয়েছে, সেটাও অকপটে স্বীকার করেছেন।
“এই ধরনের ধারাবাহিকে আমাদের চলতি ভাষায় কথা বলা চলে না। উচ্চারণে, ডায়ালগের স্টাইলে অনেক বেশি খেয়াল রাখতে হয়,” — জানান তিনি।
তবে নিজের খলনায়ক রূপে দর্শকরা কী বলবেন তা নিয়ে রাজদীপ দুশ্চিন্তা করেন না। বরং তাঁর সোজাসাপ্টা বক্তব্য,
“লোকে যদি আমায় এই চরিত্রের জন্য গালমন্দ করেন, তাতেও আমি খুশি। এর মানে আমি ঠিকঠাকভাবে খলচরিত্রটা ফুটিয়ে তুলতে পেরেছি। সেটাই তো একজন অভিনেতার সার্থকতা।”
আরও পড়ুনঃ “তিয়াসা নিজের যোগ্যতাতেই দাঁড়িয়ে আছে”— প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন সোহেল, জানালেন সম্পর্কের বাস্তব চিত্র!
নায়ক থেকে নেগেটিভ রোলে এই বদল রাজদীপের অভিনয় কেরিয়ারে এক নতুন মোড় এনেছে, তা বলাই যায়। এখন শুধু অপেক্ষা, দর্শকরা কতটা গ্রহণ করেন এই নতুন রাজদীপকে।





