“ঋতুপর্ণা-রচনার জন্য আমি নায়িকা হতে পারিনি” টলিউডের দুই দাপুটে অভিনেত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়

অভিনয় দিয়ে কেরিয়ার শুরু, এখন রাজনীতির মঞ্চে সক্রিয়— এই যাত্রাপথে লকেট চট্টোপাধ্যায়ের গল্প বেশ চেনা, কিন্তু তাঁর নিজের মুখে শোনা গেলে আলাদা স্বাদ মেলে। এক সময় টলিউডে চুটিয়ে কাজ করলেও নায়িকার তকমা বেশিদিন জোটেনি তাঁর কপালে। কেন এমনটা হল?

শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত জনপ্রিয় টক শো অপুর সংসার-এ এ নিয়ে খোলাখুলি কথা বলেন লকেট। তিনি জানান, কেরিয়ারের শুরুতে ‘মানুষ অমানুষ’, ‘একটু ছোঁয়া’, ‘স্নেহের প্রতিদান’-এর মতো ছবিতে দ্বিতীয় লিড হিসেবে অভিনয় করতেন। কারণ, তখন নির্মাতারা নতুন মুখ নিয়ে ঝুঁকি নিতে চাইতেন না।

সেই সময় প্রসেনজিৎ, রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের মতো প্রতিষ্ঠিত তারকারাই ছিলেন মুখ্য চরিত্রের জন্য প্রথম পছন্দ। লকেটের হাতে থাকত নায়ক-নায়িকার বোনের চরিত্র বা সাপোর্টিং রোল। ধীরে ধীরে এই ধারা যেন গতে বাঁধা হয়ে যায়।

তবে পরিবর্তন আসে ২০০৭ সালের পর। ‘ছ-এ ছুটি’-তে অভিনয়ের সময় তিনি টের পান, টলিউডে নতুন ধরণের সিনেমা আসছে যেখানে শুধুই নায়ক-নায়িকা নয়, বরং শক্তিশালী চরিত্রের উপর জোর দেওয়া হচ্ছে। সেই সময় তিনি বেছে বেছে ছবিতে কাজ করেন, আর সেগুলো দর্শকও পছন্দ করে।

নায়িকা না হয়েও অভিনয়ে নিজের আলাদা জায়গা তৈরি করতে পারাটাকেই জীবনের বড় সাফল্য বলে মনে করেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “সব চরিত্র নায়িকার হয় না, কিন্তু ভালো চরিত্র অনেক বড় পাওনা।”