নামের বানানে বদল আনলেন রুক্মিণী! হঠাৎ কেন এই সিদ্ধান্ত অভিনেত্রীর?

দেবের সঙ্গে জুটি বেঁধেই টলিউডে নিজের পরিচিতি তৈরি করেছিলেন রুক্মিণী মৈত্র। কেরিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি ছবিতে তাঁকে দেবের বিপরীতে দেখা গিয়েছিল। তবে সময়ের সঙ্গে নিজস্ব জায়গাও তৈরি করেছেন অভিনেত্রী। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইজারল্যান্ড’, জিতের সঙ্গে ‘বুমেরাং’ কিংবা নারী কেন্দ্রিক ছবি ‘বিনোদিনী’-তে অভিনয় করে আলাদা নজর কেড়েছেন তিনি।

এর মাঝেই আচমকা নিজের নামের বানানে পরিবর্তন আনলেন রুক্মিণী। এতদিন ইংরেজিতে তাঁর পদবি লেখা হত ‘Maitra’। এখন সেই বানান বদলে হয়েছে ‘Mitr’। অর্থাৎ পদবি থেকে একটি অক্ষর বাদ দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও নতুন নাম ব্যবহার করতে দেখা যাচ্ছে তাঁকে।

যদিও এই সিদ্ধান্তের কারণ নিয়ে এখনও মুখ খোলেননি রুক্মিণী। তবে ইন্ডাস্ট্রির একাংশের ধারণা, নিউমরোলজির কারণেই এই পরিবর্তন। তারকাদের মধ্যে নামের বানান বদলের চল নতুন নয়। এর আগে অজয় দেবগন, রাজকুমার রাও এবং করিশ্মা কাপুরও নিজেদের নামের বানানে পরিবর্তন এনেছিলেন ভাগ্য বা পেশাগত কারণে।

মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রুক্মিণী। পরে ২০১৭ সালে দেবের সঙ্গে ‘চ্যাম্প’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। সেই বছরই ‘চ্যাম্প’ এবং ‘ককপিট’-এর জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কারও পান। এরপর ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ এবং ‘বুমেরাং’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন রুক্মিণী। বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয় তাঁর। ‘ক্র্যাক: জিতেগা তো জিয়েগা’ ছবির একটি গানেও বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হাঁটি হাঁটি পা পা’র পর এবার দেবের সঙ্গে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং রামকমল মুখোপাধ্যায়ের ‘দ্রৌপদী’ ছবিতে দেখা যাবে তাঁকে।