বর্তমানে অনেক বর্ষীয়ান অভিনেত্রী ছোট পর্দা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। রত্না ঘোষাল, অনামিকা সাহা, লিলি চক্রবর্তী—প্রায় সকলেই ধারাবাহিকে অভিনয়ে অনীহা প্রকাশ করেছেন। অভিনেত্রী লিলি চক্রবর্তী স্পষ্টভাবেই বলেন, ধারাবাহিকের গল্প যত দিন যায় ততই অর্থহীন হয়ে পড়ে। তাই আপাতত তিনি ছোট পর্দা থেকে দূরে।
তবে এই তালিকায় নেই সাবিত্রী চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনীর তুতো-শাশুড়ির চরিত্রে। প্রতিদিন ১৪ ঘণ্টা শুটিং, অনিশ্চিত কল টাইম—এইসব ঝক্কি নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
সাবিত্রী স্পষ্টভাবে জানান, “ভাল না লাগলেও করতে হবে। যে শিল্পের সঙ্গে জড়িয়ে আছি, সেখানে কোনও কিছু বাদ দিলে চলে না। মুখ দেখানো উচিত। না হলে মানুষ কী করে বুঝবেন আমি আছি, এখনও শুয়ে পড়িনি।”
অন্যদিকে, লিলি চক্রবর্তী জানিয়েছেন, “গল্প শুরু হয় এক ভাবে। তার পর কোন দিকে গড়ায়, তা বুঝতেই পারি না। বিরক্ত লাগে।” তিনি এখন অপেক্ষায় আছেন ভাল চরিত্র ও গল্পের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-তে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুনঃ রথযাত্রায় ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে বড় চমক, লাইভ শো দেখলেন আমির খান!
অনামিকা সাহাও একই মত পোষণ করেছেন। বর্ষীয়ান হলেও কাজের প্রতি আগ্রহে তাঁরা এখনও একনিষ্ঠ, তবে ধারাবাহিকের পুনরাবৃত্ত কনটেন্ট তাঁদের হতাশ করছে।





