৯৭ থেকে ৭৬! হঠাৎ ২১ কেজি ওজন কমিয়ে জরাজীর্ণ অবস্থায় আবির্ভূত শঙ্কর চক্রবর্তী? কি হয়েছে অভিনেতার? স্বাস্থ্য নিয়ে জল্পনায় নিজেই দিলেন স্পষ্ট জবাব!

অভিনেতা অভিনেত্রীদের শারীরিক পরিবর্তন মানেই শুরু হয় নানা জল্পনা। হঠাৎ কেউ বেশি রোগা হয়ে গেলে বা ওজন বেড়ে গেলে খুব স্বাভাবিকভাবেই দর্শকের মনে প্রশ্ন ওঠে তাঁর সুস্থতা নিয়ে। কিছুদিন আগেই জন আব্রাহামের একটি ছবি ভাইরাল হওয়ার পর অভিনেতার শরীর নিয়েও তৈরি হয়েছিল চর্চা। তার আগে করণ জোহরের অস্বাভাবিক রোগা হয়ে যাওয়া ঘিরেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছিল একাধিকবার। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলা ছবির পরিচিত মুখ শঙ্কর চক্রবর্তীর নাম। আচমকা রোগা হয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো কোনও অসুখে ভুগছেন অভিনেতা।

এই জল্পনার মাঝেই নিজের সুস্থতা নিয়ে মুখ খুললেন শঙ্কর চক্রবর্তী নিজেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা স্পষ্ট করে জানালেন, তিনি একেবারেই সুস্থ রয়েছেন। বরং সচেতন জীবনযাপনের ফলেই ওজন কমিয়েছেন তিনি। তাঁর পোস্টে অভিনেতা জানান, আগে তাঁর ওজন ছিল সাতানব্বই কেজি, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ছিয়াত্তর কেজিতে। নিয়ম মেনে ডায়েট এবং এক্সারসাইজ করেই এই পরিবর্তন এসেছে বলে স্পষ্ট করেন তিনি।

শঙ্কর লেখেন, অনেকেই ভাবছেন তিনি অসুস্থ, কিন্তু বাস্তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সেই সঙ্গে তিনি অনুরোধ জানান, কেউ যেন অযথা তাঁর অসুস্থতার খবর ছড়াবেন না। সকলকে ভালো থাকার বার্তাও দেন অভিনেতা। এই পোস্টের পরেই পরিষ্কার হয়ে যায়, শঙ্কর চক্রবর্তীর রোগা হয়ে যাওয়া কোনও অসুস্থতার ফল নয়, বরং নিজের শরীরের যত্ন নেওয়ার সিদ্ধান্তেরই প্রতিফলন।

প্রসঙ্গত, একসময় বড় পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও বর্তমানে ছোট পর্দায় পার্শ্ব চরিত্রেই বেশি দেখা যায় শঙ্কর চক্রবর্তীকে। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, একটানা কাজ না থাকলে সংসার চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেই সময় তাঁকে মেয়ের উপর কিছুটা নির্ভরশীল হতে হয় বলেও স্বীকার করেছিলেন তিনি। বাস্তব জীবনের এই লড়াইয়ের কথাও দর্শকের অজানা নয়।

অন্যদিকে, স্ত্রীর মৃত্যুর পর থেকে মানসিকভাবেও অনেকটাই একা হয়ে পড়েছেন শঙ্কর। সেই কারণেই তিনি নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখতে চান। কাজই এখন তাঁর সবচেয়ে বড় অবলম্বন। এই পরিস্থিতিতে অভিনেতার সুস্থ থাকার খবর পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। নিয়ম মেনে ওজন কমিয়ে নতুন চেহারায় ধরা দেওয়া শঙ্কর চক্রবর্তীর এই সাহসী মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।