গায়ক শিলাজিৎ মজুমদারকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। দক্ষিণ কলকাতার একটি বাড়ি নিয়ে এক বাদ্যযন্ত্রশিল্পীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে আলোচনা। সমাজমাধ্যমে প্রকাশিত এক পোস্টে অর্ণব বাচস্পতি চক্রবর্তী দাবি করেছেন, যে বাড়িতে বর্তমানে শিলাজিৎ থাকেন, সেটি তাঁদের পরিবারের সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে সেই বাড়ি নিয়ে বিরোধ চলছে।
অর্ণবের বক্তব্য অনুযায়ী, ২০১১ সালে তাঁর পরিবারের সঙ্গে শিলাজিতের একটি স্বল্পমেয়াদি ভাড়ার চুক্তি হয়েছিল। মূলত গানবাজনার কাজের জন্য বাড়িটি ব্যবহার করার কথা ছিল। তবে পরে দেখা যায়, মহড়ার জায়গা হিসেবে নয়, ওই বাড়িতেই স্থায়ীভাবে থাকতে শুরু করেন গায়ক। এরপর বাড়ি খালি করার অনুরোধ জানানো হলেও সময় চেয়ে নেন তিনি বলে দাবি অর্ণবের।
অভিযোগকারীর কথায়, একাধিকবার সময়সীমা বাড়তে বাড়তে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। ২০১৪ সালের দিকে দুই পক্ষের মধ্যে এই নিয়ে মতবিরোধও তৈরি হয়। এরপর থেকেই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়। অর্ণব জানান, বহু বছর আগে তিনি সমাজমাধ্যমেও এই বিষয়টি তুলে ধরেছিলেন।
অর্ণবের দাবি, দীর্ঘ সময় ধরে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও এখনও কোনও সমাধান মেলেনি। এই সময়ের মধ্যে তাঁর দাদু এবং বাবার মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে তিনি ও তাঁর মা বিষয়টি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজের থাকার জন্য আলাদা বাড়ি ভাড়া নিতে হচ্ছে বলেও জানিয়েছেন অর্ণব।
আরও পড়ুনঃ শিকারকাণ্ড ঘিরে নতুন বিতর্ক! ‘কালা হিরণ’ ছবির টিজার প্রকাশের পর আদালতের দ্বারস্থ সলমন খান!
অন্যদিকে, এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শিলাজিৎ মজুমদার জানান, বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন। তাই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। গায়কের দাবি, মামলার প্রক্রিয়া চলছে এবং তিনি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর বিরুদ্ধে যে পোস্টগুলি ছড়ানো হচ্ছে, সেগুলির মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।





