“শুধু ভালোবাসা নয়, দরকার মানসিকতার মিল” প্রথম বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য শোলাঙ্কির

বাংলা টেলিভিশন আর সিনেমার জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়ের যাত্রা। তারপর ‘কাদম্বিনী’, ‘গাঁটছড়া’ সহ একাধিক সিরিয়ালে দর্শক মাতিয়েছেন তিনি। ছোটপর্দার বাইরেও কাজ করেছেন টলিউড সিনেমা আর ওয়েব সিরিজে।

তবে পর্দার বাইরের জীবন নিয়ে শোলাঙ্কি সবসময়ই ছিলেন চুপচাপ। অনেকেই জানতেন না যে তিনি বিবাহিত ছিলেন। ২০১৮ সালে স্কুলের বন্ধু শাক্য বসের সঙ্গে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। বিয়ের পর স্বামীর সঙ্গে নিউজিল্যান্ডেও চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যেই দেশে ফিরে আসেন। এরপর থেকেই শোনা যাচ্ছিল সম্পর্কটা নাকি আর আগের মতো নেই।

অবশেষে গুঞ্জনের ইতি টেনে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শোলাঙ্কি জানান, ২০২৩ সালেই তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। তবে এ নিয়ে তিনি আলোচনায় আসতে চান না। দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তাঁর সোজা উত্তর—“না করার কোনো কারণ নেই। তবে বুঝেছি, বিয়ে শুধু ভালোবাসার উপর টেকে না, দুজনের মানসিকতা আর দৃষ্টিভঙ্গিও মেলাতে হয়।”

প্রাক্তন স্বামীর প্রশংসা করতেও ভোলেননি শোলাঙ্কি। তাঁর কথায়, “আমার এক্স-হাজব্যান্ড সত্যিই অসাধারণ মানুষ। শুধু বলার জন্য বলছি না, আমি সত্যিই সেটা মনে করি। অনেক সময় দুজন মানুষই ভালো হয়, কিন্তু একসাথে থাকা হয়ে ওঠে না। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।”

এই ডিভোর্সের খবরে সিলমোহর পড়তেই আবার নতুন গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে নাকি শোলাঙ্কির ঘনিষ্ঠতা বাড়ছে। যদিও দুজনেই জানিয়ে দিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু।