ছোটপর্দার জনপ্রিয় মুখ সোমাশ্রী ভট্টাচার্য আবারও খবরের শিরোনামে। তবে এই বার চরিত্র অথবা অভিনয়ের জন্য নয়, বরং তাঁর পোশাককে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে অনুরাগীদের মন জয় করা সোমাশ্রী বাস্তব জীবনে যেমন নির্ভীক, তেমনই স্পষ্টবাদী। নিজের ব্যক্তিত্ব আর স্টাইল স্টেটমেন্ট নিয়ে কখনও আপস করেন না তিনি। প্রকাশ্যে তাঁর বুকের প্রজাপতি ট্যাটু কিংবা বোল্ড ফ্যাশন নিয়ে এর আগেও চর্চা হয়েছে। কিন্তু কালীপুজোর পোশাক নিয়ে এমন সমালোচনার মুখে তিনি আগে কখনও পড়েননি।
সম্প্রতি নিজের বাড়ির কালীপুজোর আয়োজনের ছবি শেয়ার করেন সোমাশ্রী। স্বামী শুভময়ের সঙ্গে সেই ছবিতে দেখা যায় তাঁকে। পরনে ঐতিহ্যবাহী লালপাড় হলুদ সিল্কের শাড়ি, সঙ্গে লাল বিকিনি ব্লাউজ। খোলা চুল, হালকা গয়না আর প্রজাপতি ট্যাটুর উঁকিঝুঁকিতে নায়িকার সাজ ছিল চোখধাঁধানো। তবে এই পোশাকই অনেক নেটিজেনের চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। কেউ লিখেছেন, “পুজোর দিনেও কি এমন সাজতেই হবে?” আরেকজনের মতে, “এটা কি কালীপুজোর সাজ নাকি ফ্যাশন শো?” আবার কেউ সরাসরি কটাক্ষ করে বলেছেন, “এ কেমন নিম্ন রুচি!”
কটূক্তির ঢল নামলেও সোমাশ্রী কিন্তু নীরবই থেকেছেন। একবারও ট্রোলারদের জবাব দেননি। বরং তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে বোঝা যায়, তিনি নিজের জীবন নিজের মতো উপভোগ করতে জানেন। অন্যের মতামত যে তাঁর আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারে না, তাও এই নীরবতাই প্রমাণ করে।
আরও পড়ুনঃ ‘চোখ ভিজে আছে এখনও’— কোয়েল মল্লিকের স্বার্থপর দেখে আবেগে ভাসছেন রাজ!
সোমাশ্রী বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে মৌলি রায়ের চরিত্রে অভিনয় করছেন। কয়েক মাস বিরতির পর এই সিরিয়ালের মাধ্যমেই তিনি ফিরেছেন ছোটপর্দায়। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত পছন্দ—নিজেকে নিজের মতো বাঁচাতে জানেন সোমাশ্রী, এই সাম্প্রতিক ঘটনা ফের সেটাই প্রমাণ করল।





