আইবুড়োভাতের ছবি ঘিরে জল্পনা! সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্যি চক্রবর্তী?

অভিনেত্রী সৌম্যি চক্রবর্তীকে ঘিরে এই মুহূর্তে টলিপাড়ায় জোর আলোচনা চলছে। অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও চর্চা তুঙ্গে। এরই মাঝে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে ‘আইবুড়োভাত’ লিখতেই নতুন করে জল্পনা শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি সত্যিই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

এ বছর শুরু থেকেই টলিউডে একের পর এক বিয়ের খবর সামনে এসেছে। মধুমিতা সরকার থেকে দেবমাল্য চক্রবর্তী, রণজয় বিষ্ণু থেকে শ্যামৌপ্তি মুদলি, আবার প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার বিয়েও হয়েছে সম্প্রতি। সেই ধারাবাহিকতার মাঝেই সৌম্যির এই পোস্ট যেন আরও কৌতূহল বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, তাঁর জীবনেও কি নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

তবে বিষয়টি আসলে একেবারেই আলাদা। বাস্তব জীবনে নয়, ধারাবাহিকের গল্পের প্রয়োজনে এই আইবুড়োভাতের আয়োজন। বর্তমানে ‘লক্ষ্মীঝাঁপি’ ধারাবাহিকে চূর্ণী চরিত্রে অভিনয় করছেন সৌম্যি। গল্প অনুযায়ী তাঁর বিয়ের পর্ব শুরু হয়েছে, আর সেই কারণেই আইবুড়োভাতের দৃশ্যের জন্য এই বিশেষ সাজে ধরা দিয়েছেন তিনি। সেই লুকই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ছবিতে নীল রঙের শাড়ি, গোলাপি পাড়, সঙ্গে মানানসই গয়না এবং সাজে একেবারে বাঙালি কনের আবহ তৈরি করেছিলেন সৌম্যি। গলায় হাঁসুলি, কানে দুল, হাতে বালা আর মাথায় ফুলের সাজে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছিল। পোস্টের ক্যাপশনে তিনি দর্শকদের ধারাবাহিকটি দেখার আহ্বানও জানিয়েছেন, যা দেখে অনেকেই প্রথমে বিষয়টি ভুল বুঝেছিলেন।

ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও এই মুহূর্তে কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন সৌম্যি। বাস্তবের বিয়ে নয়, আপাতত পর্দার বিয়েতেই মজেছেন অভিনেত্রী।