লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানো কিংবা ইডেনে স্টিভ ওয়াকে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা—এইসব দৃশ্য আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি শুধু মাঠেই নয়, ক্রিকেট প্রশাসনেও প্রমাণ করেছেন নিজের দক্ষতা।
তাঁর জীবন মানেই অনুপ্রেরণা—বিশেষ করে চোটের পরে জাতীয় দলে ফিরে আসার যেটা বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক হিসেবে বিবেচিত। তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় নিয়ে সবসময়ই কৌতূহল রয়েছে ভক্তদের মধ্যে। আর এবার সেই সব গল্পই উঠে আসবে সিনেমার পর্দায়। সৌরভকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক।
এই বায়োপিক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন স্বয়ং ‘দাদা’। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরেই।” তবে একটু অপেক্ষা বাড়িয়ে তিনি পরেই যোগ করেন—এই ডিসেম্বর মানে ২০২৬ সালের ডিসেম্বর।
জানুয়ারিতেই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সৌরভ। তাঁর কথায়, “প্রোডাকশনের নানা দিক থাকে। স্ক্রিপ্ট নিয়েও এখনও কিছু আলোচনা বাকি রয়েছে।” সব মিলিয়ে কাজের সূচি বেশ টাইট, তবে দাদার এই আশ্বাসে আনন্দে ভরে উঠেছেন তাঁর ভক্তরা।
আরও পড়ুনঃ মিঠুন চক্রবর্তী: “৩৭০টা ছবি করেছি, তবু আজও শুটিংয়ের প্রথম দিনে নার্ভাস লাগে”
২০২৬ সালের ডিসেম্বরে সিনেমা হলে দেখা যাবে ‘প্রিন্স অফ কলকাতা’-র জীবনের রূপোলি পর্দার উপস্থাপন। শুরু হয়ে গেল সেই ‘দাদাগিরি’র বায়োপিকের অপেক্ষা।





