অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের স্বর্গীয় মাকে টেনে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করলেন এক মহিলা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ কাঞ্চন সরাসরি থানার দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, মৃত মায়ের নাম জড়িয়ে এমন নোংরা কথা তিনি কোনওভাবেই মেনে নেবেন না। শুধু তাই নয়, পাশে দাঁড়ালেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজও। অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, “বুকের পাটা থাকলে কাঞ্চনের সামনে এসে সেই একই কথা বলতে হবে।”
শ্রীময়ী বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিয়মিত ভ্লগ তৈরি করেন, নানা বিষয়ে মত দেন। আর সেই ভ্লগের নিচেই এক মহিলা রূপচর্চাশিল্পী অকথ্য ভাষায় মন্তব্য করে বসেন। সেই কুরুচিকর মন্তব্য নিয়ে শ্রীময়ীর ক্ষোভ সীমা ছাড়ায়। তিনি জানান, “আমি যথাযথ উত্তর দিয়েছি। গালাগাল তো আর দিতে পারি না, তাই সংযম রেখেই জবাব দিয়েছি। কিন্তু কেউ এত নীচে নামতে পারে, এটা ভেবে ঘৃণা হয়।”
ঘটনা আরও গুরুতর হওয়ার পর কাঞ্চন উত্তরপাড়া থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। শ্রীময়ীও জানিয়ে দেন, বিষয়টি আইনের পথে এগোবে। অভিনেত্রীর দাবি, “ওই মহিলাকে থানায় নিয়ে আসা হোক। আমি নিজে দেখতে চাই ওর কত সাহস! সামনে এসে বলুক, যা মন্তব্যে লিখেছে।” তাঁর কণ্ঠে ক্ষোভের সঙ্গে ছিল চ্যালেঞ্জের সুরও।
তবে পরিস্থিতি বেগতিক বুঝে সংশ্লিষ্ট মহিলা দ্রুত ক্ষমা প্রার্থনা করেন। নিজের সোশ্যাল মিডিয়া পাতায় লেখেন, “ম্যাম, কালকের মন্তব্যের জন্য দুঃখিত। আমার ভুল হয়ে গিয়েছে। ক্ষমা করে দেবেন। আর কখনও হবে না।” তবুও ক্ষমার পথে হাঁটতে নারাজ কাঞ্চন। তাঁর বক্তব্য, “সরি বললেই সব মিটে যায় না। এই ঘটনায় প্রতিবাদ করতেই হবে। মানুষকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে গিয়ে ইচ্ছেমতো বাজে কথা লেখা যায় না।”
আরও পড়ুনঃ ‘নায়ক হতে না পারার হিংসা? তাই অপমান!’ মাচা অনুষ্ঠানে বিস্ফোরক খলনায়ক সুমিত, ভাইরাল ভিডিওয় কী দেখা গেল?
ঘটনা ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। কেউ মনে করছেন, ক্ষমা চেয়ে বিষয়টা মিটিয়ে ফেলা যেত। আবার অনেকে কাঞ্চনের পাশে দাঁড়িয়ে বলছেন, একেবারে সঠিক পদক্ষেপ করেছেন তিনি। কারণ মৃত মানুষকে টেনে অপমান করাকে কোনওভাবেই হালকা করে দেখা যায় না। এই লড়াই তাই শুধুই ব্যক্তিগত নয়, বরং সমাজমাধ্যমে দায়বদ্ধতার প্রশ্নও তুলে দিল।





