বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সৃজলা গুহ আবার ফিরছেন ছোট পর্দায়। ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জিতেছিলেন তিনি। এরপর একাধিক ওয়েব সিরিজে কাজ করলেও টেলিভিশনে তাঁকে আর দেখা যায়নি। তাই অনেকদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন, কবে আবার মেগা সিরিয়ালে ফিরবেন অভিনেত্রী।
অবশেষে সেই অপেক্ষার ইতি ঘটতে চলেছে। তবে নতুন কোনও ধারাবাহিকে নায়িকার ভূমিকায় নয়, বিশেষ উপস্থিতিতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভালবাসার রং রুট’-এ অতিথি চরিত্রে হাজির হবেন সৃজলা। এই খবর সামনে আসতেই খুশি হয়েছেন তাঁর ভক্তরা।
ধারাবাহিকের বর্তমান গল্পে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন দেখানো হচ্ছে। সেই পর্বেই অতিথি হিসেবে প্রবেশ করবেন অভিনেত্রী। মজার বিষয় হল, এখানে তাঁকে কোনও আলাদা চরিত্রে নয়, সৃজলা গুহ হিসেবেই দেখা যাবে। অর্থাৎ বাস্তব পরিচয় নিয়েই পর্দায় হাজির হবেন তিনি।
এক সাক্ষাৎকারে সৃজলা জানিয়েছেন, এই ধারাবাহিকের জন্য মাত্র দু’দিন শ্যুটিং করেছেন তিনি। গল্পে একটি চড়ুইভাতির দৃশ্য রয়েছে, আর সেখানেই অতিথি হিসেবে তাঁকে দেখা যাবে। অভিনেত্রীর কথায়, ছোট পর্দায় ফিরে আসা তাঁর কাছেও আনন্দের অভিজ্ঞতা ছিল।
আরও পড়ুনঃ ‘পরকীয়ার গল্পে ক্লান্ত দর্শক’, বাংলা সিরিয়াল নিয়ে কড়া অবস্থান পাপিয়া অধিকারীর!
তবে আপাতত নিয়মিত ভাবে সিরিয়ালে ফেরার পরিকল্পনা নেই সৃজলার। তাঁর মতে, দৈনিক ধারাবাহিকে কাজ করতে অনেক বেশি সময় দিতে হয়, যা এই মুহূর্তে তাঁর পক্ষে সম্ভব নয়। যদিও ছোট পর্দার প্রতি ভালোবাসা এখনও আগের মতোই রয়েছে। অন্যদিকে টলিপাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই বড় পর্দাতেও দেখা যেতে পারে অভিনেত্রীকে।





