একদিকে দেব-শুভশ্রীর ধূমকেতু চলছে রমরমিয়ে। প্রেক্ষাগৃহে দর্শক ভিড় জমাচ্ছেন, চারপাশে যেন দেশু জ্বর। এই ব্যস্ততার মধ্যেই কিন্তু শুভশ্রীকে দেখা গেল একেবারে ঘরোয়া মেজাজে, পরিবারের সঙ্গে ক্রিকেট খেলতে।
রাজ চক্রবর্তী ফেসবুকে শেয়ার করেছেন সেই ভিডিও। সেখানে দেখা গেল দুই দলে ভাগ হয়ে খেলছেন তাঁরা—একদিকে শুভশ্রী, অন্যদিকে রাজ। রান কত, বল বাকি কত—এসব নিয়েই মাঠে চলল দমফাটা মজা আর খুনসুটি। তবে শেষে জয় এল রাজের দলের ঝুলিতে।
কিন্তু এতেই তো ঝামেলা! শুভশ্রীর দাবি, রাজ নাকি চিটিং করেছেন। একেবারে পাড়ার ক্রিকেট ম্যাচের মতোই অভিযোগ আর হইচই। রাজ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “পরিবারের সাথে আরও একবার ‘লে ছক্কা’। আনন্দ, হুল্লোড় আর বিন্দাস পাড়া।” মজার ব্যাপার হলো, এই ‘লে ছক্কা’ নামটাই তাঁরই পরিচালিত এক জনপ্রিয় ছবির নাম।
ভিডিও দেখেই নেটিজেনরা ফিদা। কেউ লিখেছেন, “তোমাদের একসঙ্গে এভাবে দেখে দারুণ লাগল।” আবার কেউ মজা করে বলেছেন, “আমাদের পাড়ার ক্রিকেটও ঠিক এমনই হয়।” তবে এখানেই শেষ নয়—এক মহিলা রাজকে অনুরোধ করেছেন ব্যারাকপুরের খারাপ রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
আরও পড়ুনঃ ‘আমি ইতিহাসবিদ নই! শুধু আওয়াজ তুলে লাভ নেই, আমি অভিনেতা! চরিত্রটা ভালো লেগেছিল, তাই করেছি, আমি পুরো গল্প জানতাম না, শুধু চরিত্রটা বলা হয়েছিল” ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে তীব্র ক্ষোভ, মুখ খুললেন শাশ্বত
এদিকে, দেব-শুভশ্রীকে ঘিরে যত হইচই, ততটাই আলোচনায় উঠে আসছেন রাজ আর রুক্মিণীও। তবে সমালোচনার মাঝেই তাঁরা দুজনেই ধূমকেতু-র প্রচারে ব্যস্ত, দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার আবেদন জানিয়ে চলেছেন।





