জেলে একের পর এক মহিলাবন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। অথচ সেখানে পুরুষ প্রবেশের অনুমতি নেই। কীভাবে সম্ভব এমন ঘটনা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে বিপাকে পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন সিরিজ অনুসন্ধান-এ তাঁকে দেখা যাচ্ছে এক নির্ভীক সাংবাদিকের চরিত্রে, যিনি জেলের অন্ধকারে আলো ফেলতে গিয়ে পুলিশের মারধরের শিকার হন। প্রথম ঝলকেই বিতর্ক আর কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এই সিরিজ।
নো মেকআপ লুক, চোখেমুখে আঘাতের চিহ্ন, কিন্তু ভাঙেন না তিনি। পুলিশের সামনে দাঁড়িয়ে জেলবন্দি সাংবাদিকের তীক্ষ্ণ মন্তব্য— “সিস্টেম পচে দুর্গন্ধ বেরচ্ছে।” শুভশ্রীর এই রূপ দর্শকদের চমকে দিয়েছে। পরিচালক অদিতি রায়ের নারীকেন্দ্রিক এই সিরিজে শুভশ্রী এক দাপুটে ক্রাইম রিপোর্টার, যিনি সত্য খুঁজতে গিয়ে নিজেই ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন।
ইন্দুবালা ভাতের হোটেলের পর এটাই শুভশ্রীর দ্বিতীয় ওয়েব সিরিজ। প্রতিবারের মতো এবারও তিনি চরিত্রে ভর করে নামতে প্রস্তুত। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি, আর অনুসন্ধানের প্রথম ঝলকেই সেটা স্পষ্ট। জেলের ভেতরে মহিলাদের রহস্যজনক অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং সেই অন্ধকার দুনিয়ার অজানা গল্পই কেন্দ্রবিন্দু। দর্শক বুঝে গেছেন, সিরিজটি কেবল বিনোদন নয়, সমাজের অস্বস্তিকর সত্যও তুলে ধরবে।
অভিনয়ের পাশাপাশি ব্যস্ততা সামলাচ্ছেন তিনি সংসার ও সন্তান নিয়েও। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে, অন্যদিকে রায়বাঘিনী ভবশঙ্করী— দুই পিরিয়ড ড্রামায় তাঁর বড় চরিত্র আসছে সামনে। ইতিমধ্যেই গৃহপ্রবেশ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এবার অপেক্ষা ধূমকেতু মুক্তির। সব মিলিয়ে টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী।
আরও পড়ুনঃ রঘু ডাকাতের মুক্তির আগেই কুনালের নিশানায় সোহিনী! কি বলছেন অভিনেত্রী?
তবুও এত ব্যস্ততার মাঝেও তিনি চরিত্র নিয়ে কোনও আপস করেন না। দর্শকরা তাঁকে ভালোবাসেন বলেই তিনি প্রত্যেকবার নতুন কিছু ফিরিয়ে দিতে চান। অনুসন্ধান সেই ধারাবাহিকতারই প্রমাণ। প্রথম ঝলকেই স্পষ্ট— এবারও শুভশ্রী নিজের সেরাটা দিতে প্রস্তুত, আর দর্শকের সামনে হাজির হতে চলেছেন একেবারে অন্যরকম রূপে।





