“ঘরের কোণে সুচিত্রা-উত্তম… হঠাৎ দরজায় দাঁড়িয়ে গেলেন সুপ্রিয়া!”

ঘরের মধ্যে থমথমে পরিবেশ, উত্তম কুমার আর সুচিত্রা সেন বসে আছেন। হঠাৎ দরজায় এসে দাঁড়ালেন সুপ্রিয়া দেবী। ভাবা যায়? যাঁদের পর্দার রসায়নে মুগ্ধ গোটা বাঙালি, তাঁদের এমন কাছের মুহূর্তে হাজির এক ‘বেণুদি’!

সুচিত্রা সেনকে নিয়ে একটা বদনাম তখন বেশ চালু ছিল—অহংকারী, সাধারণ কারও সঙ্গে কথা বলতেন না, এমনকি দেখা করাও মুশকিল! সুপ্রিয়া দেবীও এই কথা শুনে শুনেই বড় হয়েছেন, যদিও মনে মনে ইচ্ছে ছিল, একদিন যদি একটু আলাপ করা যেত! তবে শুধু ইচ্ছেতে আটকে থাকলে কি আর গল্প হয়?

এক পুরোনো সাক্ষাৎকারে সেই ইচ্ছের পূরণের গল্পই শোনালেন বাংলার সবার প্রিয় বেণুদি। উত্তম কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যতই টলিউডে কানাঘুষো থাকুক, সুপ্রিয়া তখন খোলামনে বললেন—সুচিত্রার সঙ্গে তাঁর দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। এমনকি একসঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া, গল্প—সবই চলত।

সেই সাক্ষাৎকারে ফিরে গিয়েছিলেন ১৯৫৪ সালে। ‘অগ্নিপরীক্ষা’ তখন রিলিজ করেছে। উত্তম-সুচিত্রার ম্যাজিক দেখতে হলে হলে ভিড়, সুপ্রিয়া কোনওরকমে দু-তিনটে টিকিট জোগাড় করেছিলেন। তখন থেকেই সুচিত্রার সঙ্গে আলাপ করার ইচ্ছেটা আরও তীব্র হয়ে ওঠে।

এই ইচ্ছের কথা পরিচালক নির্মল দে-কে জানিয়েছিলেন সুপ্রিয়া। নির্মলদার ‘বসু পরিবার’ ছবিতে তখন অভিনয় করছেন তিনি। একদিন সিঁথির মোড়ের এমপি স্টুডিওতে দেখা হয় সুচিত্রার সঙ্গে। সুপ্রিয়া নিজেই বলেছিলেন—“সেই দিনটা ভুলবার নয়। তবে ওঁর রূপের চেয়েও যেটা আমাকে বেশি আকর্ষণ করেছিল, তা হল ব্যক্তিত্ব। কতটা পরিপাটি, সংযত, আর গর্বে মেখে থাকা একটা আত্মমর্যাদা—তাঁকে আমি রমাদি বলেই ডাকতাম।”

এরপর শুধু আলাপ নয়, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় দুই অভিনেত্রীর মধ্যে। সুপ্রিয়া বলেছিলেন, “আমাদের ময়রা স্ট্রিটের বাড়িতে রমাদি বহুবার এসেছেন। আমি নিজে রান্না করতাম, আমরা তিনজন—আমি, উত্তম আর রমাদি—খাবার টেবিলে বসে গল্প করতাম। সময় কবে চলে যেত, বুঝতেই পারতাম না। রমাদির জন্মদিনে আমি আর উত্তম নিয়ম করে ফুল পাঠাতাম—কারণ ওঁর খুব প্রিয় ছিল ফুল।”

২০১৮ সালের ২৬ জানুয়ারি প্রয়াত হন সুপ্রিয়া দেবী। কিন্তু উত্তম কুমারের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক, আর সুচিত্রা সেনের সঙ্গে সেই ঘরোয়া বন্ধুত্ব—আজও রয়ে গেছে টালিগঞ্জের অলিতে গলিতে, অনুরাগীদের হৃদয়ে। তখনকার দিনের এই অন্তরঙ্গ মুহূর্তগুলোই আজও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে যেন এক অমূল্য স্মৃতি।