সুপ্রিয়া দেবীর কন্যা সোমা ৭০-এ! এখন কেমন আছেন অভিনেত্রীর একমাত্র মেয়ে?

সাদাকালো যুগের রূপোলি পর্দা যাঁর উপস্থিতিতে ঝলমল করে উঠত, তিনি সুপ্রিয়া দেবী। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী। একের পর এক হিট ছবি, অসাধারণ অভিনয়… সবই একদিকে, আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল—তা ছিল সমান জনপ্রিয়। বিশেষ করে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে চর্চা হয়, তা আজও থামেনি।

তবে আজ একটু ভিন্ন প্রসঙ্গে ফেরা যাক। আজ সুপ্রিয়া দেবীর একমাত্র কন্যা সোমার জন্মদিন। ৭০-এ পা দিলেন তিনি! শুনতে অবাক লাগলেও সত্যি। মা-র মতো গ্ল্যামার দুনিয়ায় পা না রাখলেও, সোমা নিজেকে সবসময় রেখেছেন আলোচনার বাইরেই। তবে তাঁর জীবনের কিছু দিক এখনও অনেকের অজানা।

ছোটবেলায় সোমা পড়াশোনা করতেন নৈনিতালের এক বোর্ডিং স্কুলে। তখনই হঠাৎ করে জানতে পারেন তাঁর মায়ের জীবনে এসেছে এক নতুন মানুষ—উত্তম কুমার। ছোট সোমা তখন কিছুই বুঝতে পারেননি। তবে মহানায়ককে ডাকতেন ‘বাবি’ বলে। এরপর মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে হয়ে যায় সোমার। খুব অল্প বয়সেই তিনি মা হন। আর সেই ছেলেই আজকের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি।

মায়ের জন্মদিনে ভীষণ খুশি শন। পরিবার-পরিজন, নাতি-নাতনি, ভাই-বউমা—সবাই মিলে জমিয়ে পালিত হল জন্মদিন। চকোলেট কেক, কেকের গায়ে বড় করে লেখা ছিল—”শুভ জন্মদিন মা”। একেবারে ঘরোয়া অথচ আবেগে ভরপুর এক সন্ধ্যা।

তবে এখন আর লাইমলাইটে দেখা যায় না সোমাকে। সোশ্যাল মিডিয়া থেকে বহু দূরে। ধীরে ধীরে কমে এসেছে সেই পুরনো অনুষ্ঠানগুলিতেও যাওয়া—যেখানে একসময় মায়ের নাম জড়িয়ে নানা স্মৃতিচারণ হত। এখন সোমার জীবন অনেক শান্ত, অনেক ব্যক্তিগত। সংসার, নাতিনাতনি, নিজের মতো করে জীবন—সেই নিয়েই তাঁর বর্তমান দিন কাটছে।

আরও পড়ুনঃ “ভাত নেই পেটে, হাতে একটাও টাকা নেই”— অবহেলায় দিন কাটছে প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের! পাশে একমাত্র বোন রত্না…

একটা জিনিস কিন্তু স্পষ্ট—মা যেমন ছিলেন একজন শক্তিশালী, আত্মনির্ভর নারী, সোমাও ঠিক তেমন। শুধুই আলোয় না থেকেও, নিজের মতো করে বেঁচে থাকার সাহসটা কিন্তু ঠিকই পেয়েছেন সুপ্রিয়া দেবীর থেকে।