ছোট বয়স থেকেই বড় পর্দায় দাপট, কিন্তু মাধ্যমিকের রেজাল্টেই ছন্দপতন! কেন হারিয়ে গেলেন সুস্মিলি?

জি বাংলার ‘প্রথম প্রতিশ্রুতি’ কিংবা ‘সৌদামিনীর সংসার’, অথবা ‘করুণাময়ী রানী রাসমণি’- তে রাণীমার নাতবউ, এমনকি স্টার জলসার ‘রামপ্রসাদ’-এর সর্বাণী — এত অল্প বয়সেই একের পর এক হিট সিরিয়ালে দারুণ অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন সুস্মিলি আচার্য। ছোট্ট বয়সেই টেলিভিশনের পর্দায় তার পরিচিতি ছিল নজরকাড়া। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে গেলেন তিনি! কোথাও আর দেখা যাচ্ছে না তাকে।

তাহলে কি অভিনয় ছেড়ে দিলেন?আসলে ব্যাপারটা তেমন না, তবে একটা বিরতি তিনি নিয়েছেন ঠিকই। কারণটা একেবারে স্পষ্ট—পড়াশোনা।

যখন ‘রামপ্রসাদ’ সিরিয়ালে সব্যসাচী চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলেন, তখনই মাধ্যমিক পরীক্ষায় বসেন সুস্মিলি। ফলাফল হয় মোটামুটি—৬০ শতাংশ। অনেকের কাছে এটা খারাপ নয়, কিন্তু সুস্মিলি এতে মোটেই খুশি হতে পারেননি।

তাঁর কথায়, নিয়মিত ১২-১৪ ঘণ্টা শুটিংয়ের পর পড়াশোনায় মন দেওয়া একেবারেই সহজ ছিল না। আর সে কারণেই মাধ্যমিকে নিজের প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি তিনি। তাই এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চান না।

সেই সিদ্ধান্তেই অভিনয়ে বিরতি। এখন তিনি উচ্চমাধ্যমিকে পড়ছেন, তাও আবার বিজ্ঞান বিভাগে। ভবিষ্যতের লক্ষ্য? ইংরেজি নিয়ে স্নাতক হওয়া।

তাহলে কি আর অভিনয়ে ফিরবেন না? না, তেমনটা একেবারেই নয়। সুস্মিলি নিজেই জানিয়েছেন, আপাতত ২-৩ বছরের একটা গ্যাপ নিচ্ছেন পড়াশোনার জন্য। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর আবার অভিনয়ে ফিরতে পারেন—এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তিনি।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগ দিতে চাইছেন সুস্মিলি। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও, যেভাবে তিনি ছোটবেলা থেকেই পর্দায় নিজের জায়গা তৈরি করেছিলেন, দর্শক তো নিশ্চয়ই আবার তাকে ফিরে পেতে চাইবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।