বুধবার হঠাৎ করেই নিজের দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে সকলকে চমকে দেন অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। ডিভোর্সের এক বছর পূর্ণ হওয়ার আগেই নতুন করে সংসার শুরু করায় নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন। অনেকেই সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন, যা নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।
একাংশের দাবি, সুস্মিতার প্রথম বিবাহ ভাঙার পিছনে নাকি ছিল তাঁর অন্য সম্পর্ক। যদিও এই অভিযোগের কোনও প্রমাণ সামনে আসেনি, তবুও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জল্পনা ছড়িয়েছে দ্রুত। শুধু সুস্মিতা নন, তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীকেও এই বিতর্কে টেনে আনা হয়েছে। পুরনো ছবিতে গিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কিছু নেটিজেনের বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে চুপ থাকেননি সায়ক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে ট্রোলারদের বিরুদ্ধে সরব হন। তিনি মিস্টি নামে এক পরিচিত মেয়ের সঙ্গে নিজের ও তাঁর দাদার ছবি শেয়ার করে জানান, মেয়েটি তাঁর বন্ধু এবং দাদার কাছে বোনের মতো। সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা করা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কটাক্ষের ভাষায় ট্রোলারদের জবাব দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে দীর্ঘদিনের সম্পর্কের পর সুস্মিতা ও সব্যসাচীর আইনি বিচ্ছেদ হয়। যদিও বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আসেনি, তবে জানা যায়, দুজনের মধ্যে মতের অমিল ছিল। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়ে সুস্মিতা লিখেছিলেন, তিনি সবসময় মা হতে চেয়েছেন এবং নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ চান। এরপর নতুন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে নিজের জীবনের নতুন অধ্যায়ের কথাও তুলে ধরেন।
আরও পড়ুনঃ বিপ্লবী না ডাকাত? বড় পর্দায় জিৎ-এর ‘অনন্ত সিংহ’! প্রকাশ্যে টিজার! কবে মুক্তি পাচ্ছে এই ছবি?
এদিকে এই ঘটনার পর সায়ক আবার একটি পোস্ট করে প্রাক্তন বউদিকে কটাক্ষ করেন। তাঁর মন্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সব মিলিয়ে সুস্মিতা রায়ের দ্বিতীয় বিয়ে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এত আলোচনা ও সমালোচনার মাঝে বিষয়টি কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার।





