প্রায় ২৪ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়-এর। টলিউড থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই যখন উদ্বেগ বাড়ছিল, ঠিক সেই সময় স্বস্তির খবর সামনে আনেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন।
রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে মৌপিয়া জানান, তিনি নিজেই সেখানে গিয়ে স্বামীকে ফিরিয়ে আনবেন। গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন উৎসব। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর এই খবর সামনে আসতেই স্বস্তি ফিরেছে পরিবারের পাশাপাশি পরিচিত মহলেও। তাঁর পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
তবে এতদিন তিনি কোথায় ছিলেন বা কেন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। মৌপিয়া জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কাছেও বিস্তারিত তথ্য নেই। তিনি সকলের কাছে সময় চেয়ে নিয়েছেন এবং পরে সব জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: নতুন প্রেমের ছবিতে ভিন্ন ভূমিকায় স্নেহা চ্যাটার্জি! সবাইকে চমকে দিয়ে বড় পর্দায় অভিনেত্রী!
নিখোঁজ থাকার সময় বহু মানুষ উৎসবের সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। সেই সমর্থন ও উদ্বেগের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মৌপিয়া। তিনি জানান, কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞ। এদিকে পুলিশ সূত্রেও এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, রবিবার সকালে থানার তরফে ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন মৌপিয়া। পরে পরিচিত সূত্রে নিশ্চিত হন যে উৎসব দিল্লিতে রয়েছেন। তাঁর সঙ্গে সংক্ষিপ্তভাবে কথাও হয়েছে, তবে তিনি খুব ক্লান্ত থাকায় বেশি কিছু বলা সম্ভব হয়নি। আপাতত মৌপিয়া দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন এবং স্বামীকে নিরাপদে ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য।





