সোনায় মোরা বর-কনে! চোখে ধাঁধা লাগানো জাঁকজমক! জানেন কত কোটি টাকা খরচা হয়েছে বিজয়-রশ্মিকার বিয়েতে?

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার বিয়ে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। তেলেগু একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁদের এই জাঁকজমকপূর্ণ বিয়েতে প্রায় ১২ কোটি টাকা খরচ হয়েছে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে দুজনেই বিপুল পরিমাণ সোনার গয়না পরেছিলেন। মোট তিন কেজি সোনার গয়নার মধ্যে প্রায় দুই কেজি ছিল রশ্মিকার গায়ে এবং এক কেজি ছিল বিজয়ের। যদিও এই তথ্য নিয়ে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, কয়েকটি প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে যে এই বিয়ের মোট খরচ ২০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছিল। তবে এই অঙ্ক নিয়েও নানা মত রয়েছে এবং সঠিক পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। তবুও এই তারকা জুটির বিয়ের আয়োজন এবং জাঁকজমক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সোশ্যাল মিডিয়াতেও এই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এদিকে বিয়ের পরেই সামনে এসেছে তাঁদের নতুন সিনেমা রণবালি নিয়ে খবর। এই ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বিজয় ও রশ্মিকাকে। সিনেমার প্রথম গানটি মুক্তি পেয়েছে তাঁদের বিয়ের পরেই। ভক্তদের অনেকেই মনে করছেন, এই গান যেন তাঁদের বিয়ের বিশেষ উপহার হিসেবেই প্রকাশ করা হয়েছে।

আরও একটি খবর ঘিরেও আলোচনা চলছে। জানা গিয়েছে, বিয়ের আগে নেটফ্লিক্স নাকি এই তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠান তাদের প্ল্যাটফর্মে সম্প্রচারের জন্য প্রায় ৬০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বিজয় বা রশ্মিকা কেউই। ব্যক্তিগত মুহূর্তকে ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন তাঁরা।

বিজয় এবং রশ্মিকার পরিচয় হয়েছিল গীতা গোবিন্দম ছবির সেটে। সেই ছবিতে তাঁদের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়। পরে ডিয়ার কমরেড ছবিতে আবার একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। বহু বছর ধরে একসঙ্গে থাকলেও তাঁরা কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা বলেননি। তবে গত বছরের অক্টোবর মাসে তাঁদের বাগদান হয় এবং ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল দ্য ওয়েডিং অফ বিরোশ।