“বাংলায় ঘোরাফেরা নিরাপদ নয়, তিন-চারশো মিনি কাশ্মীর রয়েছে এখানে” রাজ্য সরকারকে আক্রমণ বিবেক অগ্নিহোত্রীর

কলকাতার জাদুঘরে আয়োজিত হয়েছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’। সেখানে উপস্থিত ছিলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা অনুপম খের। দু’জনেই বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। এই মঞ্চ থেকেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অগ্নিহোত্রী।

রবিবার সন্ধ্যায় তাঁর মন্তব্যে বেশ চমকে গেছে রাজনৈতিক মহল। অনেকের মতে, শিল্পীর কণ্ঠে রাজনৈতিক রংটাই বেশি স্পষ্ট হয়েছে। অনুষ্ঠানটিতে রাজ্য বিজেপির তরফে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত ও শিশির বাজোরিয়া। দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতিকে কেন্দ্র করে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ছোট আকারের দুর্গামূর্তি। এরপর বক্তব্য রাখতে গিয়ে আক্রমণ শানান ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক।

অগ্নিহোত্রী বলেন, “বাংলায় তিন-চারশো মিনি কাশ্মীর রয়েছে। আমি বাংলায় স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না, সঙ্গে বডিগার্ড রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ। তাই আমি ‘বেঙ্গল ফাইলস’ বানাতে চাই, যাতে সবার সামনে সত্যিটা উঠে আসে।”

শুধু তিনিই নন, অভিনেতা অনুপম খেরও সমালোচনার সুরে রাজ্য সরকারকে নিশানা করেন। সোমবার তাঁর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে একটি আলোচনায় যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনৈতিক আলোচনা এবং খেরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীদের একাংশ।

আরও পড়ুনঃ “দাদু কসাই নন, আত্মরক্ষার প্রতীক” এ গোপাল পাঁঠার চরিত্র বিকৃতি! বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গোপাল পাঁঠার নাতির

অনুপম খের অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি শান্তিনিকেতন যাবই, কেউ আটকাতে পারবে না।” অন্যদিকে, তাঁদের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে তৃণমূল। দলের সাংসদ শান্তনু সেন বলেন, “আমি এর তীব্র নিন্দা করছি।”