রোজকার একঘেয়ে খারাব থেকে বাঁচুন, এখনি ট্রাই করুন এই নতুন স্বাদের ‘কুসুম পটল’

বর্তমানে সবজি দেখলেই মুখ শুকিয়ে যায় বাচ্চাদের। উচ্ছে পটল ঝিঙে কোনটাই পছন্দ করে না আজকের ছোট জেনারেশন। আমি হলফ করে বলতে পারি পটল দেখলেই পিছন দিকে দৌড় মারে তারা। আজ দেখাতে চলেছি সেই পটল দিয়ে তৈরি একটি খুব সাধারণ এবং টেস্টি রেসিপি কুসুম পটল।

প্রথমেই আসা যাক উপকরণে, বাড়িতে থাকা কিছু সহজ উপকরণের মাধ্যমেই তৈরি করা যেতে পাড়ে এই রেসিপি। কুসুম পটল তৈরি করার জন্য যে যে জিনিস গুলো লাগবে সেগুলি হল- পটোল, ডিম, পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচালঙ্কা, তেল।

কুসুম পটল তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হল কয়েকটা মিডিয়াম সাইজের পটল। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পটল গুলোর খোসা ছাড়িয়ে নিয়ে কাঁটা চামচের মাধ্যমে পটলের মাঝখান থেকে বীজগুলিকে আলাদা করে নিতে হবে। এরপর পটলের ভিতরটা ফাঁকা হয়ে যাবে। অন্য একটি পাত্রে পটল অনুযায়ী পরিমাণ মত ডিম গুলে নিতে হবে।

এরপর ওই পটল গুলির ফাঁকা অংশে ডিম ভরে নিতে হবে। সবার বাড়িতেই কম বেশি ছিদ্রযুক্ত পাত্র থাকে তার মধ্যেই পটলগুলোকে বসিয়ে নিতে হবে। অন্যদিকে চুলায় একটি বড় পাত্র নিয়ে তাতে জল গরম করতে হবে। এরপর সেই ছিদ্রযুক্ত পাত্রটি জলের মধ্যে বসিয়ে ওপর থেকে একটি ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। পাঁচ থেকে সাত মিনিট এভাবেই রাখার পর পটল গুলিকে বের করে নিতে হবে। এরপর গরম তেলে পটল গুলিকে ভেজে নিতে হবে।

এবার কড়ায় তেল গরম করে তাতে একে একে কুচো করে রাখা পেঁয়াজ, আদা বাটা জিরে বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ প্রভৃতি দিয়ে ভালো করে মশলা টাকে কষিয়ে নিতে হবে। মসলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন আর চিনি দিতে হবে এরপর ভেজে রাখা পটল গুলি ওই মিশ্রনের দিয়ে আরও বেশ কিছুক্ষন রান্না করতে হবে। তারপর একটি বাটিতে তুলে সার্ভ করুন গরমাগরম কুসুম পটল।