সন্ধ্যাতারার পর ছোটপর্দায় ফিরছেন অন্বেষা হাজরা! বিপরীতে জনপ্রিয় টেলি অভিনেতা

বর্তমানে বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। কাজ করছেন একের পর এক ধারাবাহিকে। স্টার জলসা হোক বা জি বাংলা, তার অভিনীত ধারাবাহিকগুলো মন জয় করে নিয়েছে দর্শকদের। দুষ্টু মিষ্টি চরিত্রে দর্শকদের নিজের অভিনয়ের দক্ষতায় হাসিয়েছেন আবার কখনও কাঁদিয়েছেন তিনি। পর্দায় তার একটি ধারাবাহিক শেষ হতেই পরবর্তী ধারাবাহিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন অন্বেষা হাজরা?

‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘চুনি পান্না’, ‘আমাদের এই পথ যদি না শেষ’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। জি বাংলার পর্দায় ক্রেজি আইডিয়াস প্রযোজিত ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উর্মির চরিত্রে অন্বেষার অভিনয় রাতারাতি তাকে এনে দিয়েছিল জনপ্রিয়তা। সাত্যকির সঙ্গে উর্মির জুটি আজও একভাবে জনপ্রিয় দর্শকদের মাঝে।

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার ম্যাজিক মোমেন্টের প্রযোজিত ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’য়। ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন অন্বেষা। ধারাবাহিকে মাঠানের সঙ্গে সন্ধ্যার শাশুড়ি বউমার জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। যদিও অভিনেত্রীর বাকি ধারাবাহিকগুলোর মতো টিআরপি তালিকায় সেইভাবে কামাল করতে পারেনি সন্ধ্যাতারা। ফলে মাত্র ৭ মাসের মধ্যেই পর্দা থেকে বিদায় নেয় ধারাবাহিকটি।

বড়পর্দায় আসছে অন্বেষা হাজরার প্রথম সিনেমা

তবে সন্ধ্যাতারা শেষ হয়ে যাওয়ার পর আর ছোটপর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী অন্বেষা হাজরাকে। সম্প্রতি বড়পর্দায় পা রেখেছেন অভিনেত্রী। শীঘ্রই পর্দায় আসতে চলেছে মানসী সিনহা পরিচালিত পাঁচ নম্বর স্বপ্নময় লেন। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অন্বেষা হাজরাকে। অন্বেষার বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তাছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, ফাল্গুনী চট্টোপাধ্যায়, পায়েল চ্যাটার্জী, খরাজ মুখার্জী, সোমা ব্যানার্জী সহ একঝাঁক টলিতারকা।

ছোটপর্দায় ফিরছেন অন্বেষা হাজরা

তবে এবার শোনা যাচ্ছে বড় খবর। ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। জানা যাচ্ছে জি বাংলার পর্দায় আসছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা ‘যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজ’-এর ব্যানারে আসতে চলেছে নতুন ধারাবাহিক। যার পরিচালনায় থাকবেন গোপাল চক্রবর্তী। আসন্ন এই ধারাবাহিকটিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অন্বেষা। বিপরীতে দেখা যাবে ‘রাম কৃষ্ণা’ খ্যাত অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। জানা যাচ্ছে পারিবারিক গল্প নিয়ে আসছে নতুন এই জুটি। সম্প্রতি হয়ে গিয়েছে লুক সেট। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। অন্বেষা-নীলাঙ্কুরের নতুন জুটি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।