‘রাঙা বউ’ ধারাবাহিকের পর দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। মাঝে সিনেমায় কাজ করলেও ধারাবাহিকে আর দেখা যায়নি তাঁকে। নানা সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, কাজের সুযোগ কম মিলছে। এমনকি, গায়ের রঙ নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এবার অপেক্ষার অবসান। নতুন এক কাজের খবরে নিজেই ভক্তদের মুখে হাসি ফোটালেন শ্রুতি।
তবে এই ফেরা টেলিভিশনে নয়, বড় পর্দায়। এবার শ্রুতি দাস অভিনয় করতে চলেছেন নতুন ছবি *‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ। নিজের ইনস্টাগ্রামে স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, *“নতুন কাজ শুরু হচ্ছে… ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে এই শীতে। আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ @aritra_mukherjee।”
ছবিতে দেখা গিয়েছে, পরিচালক অরিত্র মুখোপাধ্যায় শ্রুতির জন্য একটি হাতেলিখা চিরকুট দিয়েছেন। তাতে লেখা, “তোর সঙ্গে বহুদিন কাজ করার ইচ্ছে ছিল। তুই আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। চল, একসঙ্গে দারুণ কাজ হোক।”
এই একই ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী ও স্বস্তিকা দত্ত। প্রযোজনা করছে উইন্ডোজ প্রোডাকশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। উত্তরবঙ্গের লাভা অঞ্চলে চলছে শ্যুটিং, যা শুরু হয়েছে ২২ জুন, রবিবার থেকে।
এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন, “এখানে ভূত আর মানুষের দল মিলেমিশে গিয়েছে। আমি মানুষের দলে আছি। এখনই চরিত্র নিয়ে বেশি কিছু বলতে পারব না, তবে এই ধরনের হরর-কমেডিতে দর্শক আমাকে প্রথমবার দেখতে পাবেন।”
উইন্ডোজ প্রোডাকশনের তরফে এক ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, “আজ সকালে এসে উঠেছি ভানুপ্রিয়া ভূতের হোটেলে। চেক-ইন হয়ে গেছে, কিন্তু চেক-আউটের কোনও তারিখ নেই! দেওয়ালের ফিসফাস, করিডোরের ঠান্ডা বাতাস… এক গা-ছমছমে রহস্যে মোড়া পরিবেশ। ডিসেম্বর পর্যন্ত এখানেই থাকব…আপনারা আসছেন তো আমাদের বাঁচাতে?”
আরও পড়ুনঃ মাত্র চার বছর বয়সেই পিয়ানো বাজিয়ে সকলকে চমকে দিচ্ছে ইউভান! গর্বে ভাসছেন মা শুভশ্রী
উল্লেখ্য, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ উইন্ডোজ প্রোডাকশনের প্রথম হরর-কমেডি হতে চলেছে। ডিসেম্বর মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটির।





