৪২ বছর বয়সে প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা, কীভাবে ঘটল এই আকস্মিক মৃত্যু?

মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। বলিউডের ‘কাঁটা লাগা’ গানের জন্য ব্যাপক পরিচিতি পাওয়া এই জনপ্রিয় অভিনেত্রী শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের এক মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তখনই তিনি প্রাণ হারিয়েছেন।

শেফালির দেহ রাত সাড়ে ১২টা নাগাদ ময়নাতদন্তের জন্য মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়। তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী এই দুঃসংবাদের সময়ে তাঁর সঙ্গে ছিলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরাগ কুপার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। তাঁর চোখেমুখে স্পষ্ট গভীর শোকের ছাপ।

শেফালি ‘বিগ বস ১৩’-এ সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। ছোটপর্দার পাশাপাশি তিনি বলিউড ও ওয়েব সিরিজেও কাজ করেছেন। উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে তাঁকে ‘বুগি উগি’, ‘নাচ বলিয়ে ৫ ও ৭’, ‘শয়তানি রসমে’-এর মতো শোয়ে। তবে ২০০২ সালে ডিজে ডলের রিমিক্স গান ‘কাঁটা লাগা’-য় তাঁর নাচ তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। সেই গানের মাধ্যমেই তিনি পপুলার কালচারের অংশ হয়ে ওঠেন। এছাড়া ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও অভিনয় করেছিলেন।

ছোটপর্দায় পরিচিত মুখ হওয়ার পাশাপাশি শেফালি ছিলেন মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়ন আন্দোলনের সক্রিয় মুখ। নিয়মিত শরীরচর্চা করতেন, জীবনযাপনে ছিলেন যথেষ্ট সতর্ক। কিন্তু আচমকাই ঘটে গেল এক নির্মম পরিণতি—যা হতবাক করে দিয়েছে বিনোদন দুনিয়াকে। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী ও ভক্তরা, সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন হাজার হাজার মানুষ।