স্টার জলসা আবারও হাজির নতুন চমক নিয়ে। এবার দর্শকদের সামনে আসছে একেবারে নতুন ধারাবাহিক ‘কম্পাস’, আর প্রথম প্রোমোতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। স্টার জলসা সম্প্রতি শুরু করেছে ‘রাণী ভবানী’ ধারাবাহিক, আর এবার পরপর আরেকটি নতুন ধারাবাহিক নিয়ে এল জনপ্রিয় এই বিনোদন চ্যানেল।
নতুন ধারাবাহিক ‘কম্পাস’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মডেলিং জগতের পরিচিত মুখ *পর্ণা চক্রবর্তী-কে। এটিই তাঁর অভিনয়ে প্রথম কাজ। তাঁর বিপরীতে থাকছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা *অর্কপ্রভ রায়, যিনি এর আগে ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।

প্রথম প্রোমোতে দেখা গিয়েছে, গল্পের মূল চরিত্র ‘কম্পাস’ এক পাহাড়ি এলাকার কলেজের মেধাবী ও টমবয় স্বভাবের ছাত্রী। রোলার স্কেটে কলেজে প্রবেশ করে সে, আর কলেজের যেকোনো সমস্যার সমাধান করে দেয় অনায়াসে। এরপরেই গল্পে এন্ট্রি নেন অর্কপ্রভ, যাঁকে সম্ভবত কলেজের প্রফেসরের চরিত্রে দেখা যাবে বলে অনুমান করছেন দর্শকরা।
দর্শকমহলে প্রোমোটি নিয়ে প্রতিক্রিয়া এসেছে মিশ্র। কেউ কেউ নায়িকার লুক নিয়ে সন্তুষ্ট নন, আবার কেউ নতুন জুটি ও ভিন্ন ধারার গল্প দেখে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। ধারাবাহিকটি প্রযোজনা করছে টেন্ট প্রোডাকশন হাউস, যারা ইতিমধ্যেই টেলিভিশন দুনিয়ায় বেশ কিছু হিট ধারাবাহিক তৈরি করেছে।
আরও পড়ুনঃ নতুন পথে যাত্রা! শাড়ির ব্যবসায় আত্মপ্রকাশ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের
এছাড়াও স্টার জলসার আসন্ন আরেকটি নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’ নিয়েও ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার, এই দুটি নতুন ধারাবাহিকের আগমনে কোন কোন পুরনো সিরিয়াল গুডবাই জানাতে চলেছে দর্শকদের। স্টার জলসার এই ধারাবাহিক প্রতিযোগিতা নিয়ে টিআরপি রেসে ফের উত্তেজনা তৈরি হয়েছে।





