বেলা দের চরিত্রে ঋতুপর্ণা! নতুন চরিত্রে চমক, প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক

তাঁকে চেনেন তো? রান্নার ‘জিনিয়াস’ বলে যাঁকে একডাকে চেনে বাঙালি! কখনও রেডিও জকি, কখনও লেখিকা, আবার কখনও সরকারি কর্মচারী—এক জীবন, এত রকম রঙ! বলছি বেলা দে-র কথা। যাঁর কলমের টানে উঠে এসেছে হারিয়ে যাওয়া বাঙালি রান্নার ইতিহাস। আর এবার, সেই বেলাকে বড়পর্দায় জীবন্ত করে তুলতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক। ঋতুপর্ণাকে দেখা গেছে একদম অন্যরকম রূপে—সাদাসিধে সুতির শাড়ি, ছোট্ট টিপ, কানে হেডফোন, মাথায় বিনুনি আর ঠোঁটে হালকা হাসি। যেন সত্যিই আকাশবাণীর স্টুডিও থেকে ঠিক এখনই বেরিয়ে এলেন তিনি! পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের ক্যামেরায় ফুটে উঠেছে এক দারুণ যুগান্তকারী নারীর কাহিনি।

অনেকেই হয়তো বেলা দে-র নামটা প্রথমে শুনে চট করে চিনতে না পারলেও, ‘রান্নার অবনিবাস’, ‘সহস্র এক রান্না’, ‘বাঙালির রান্নাঘর’, কিংবা ‘রান্না অভিধান’-এর পাঠকরা নিশ্চিত জানেন, তিনিই সেই লিজেন্ড! যাঁর বই আজও বহু বাড়ির হেঁসেলে হাতিয়ার।

এই সিনেমায় বেলার জীবনের নানা পর্যায় উঠে আসবে। তাঁর দুই দাদার চরিত্রে দেখা যাবে পদ্মনাভ দাশগুপ্ত ও দেবদূত ঘোষকে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় রয়েছেন দেবপ্রতিম দাশগুপ্ত। এছাড়াও রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, ভাস্কর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী এবং ভদ্রা বসুর মতো পরিচিত মুখরা।

প্রযোজনার দায়িত্বে আছে গ্রেমাইন্ড কমিউনিকেশন। কলকাতার নানা প্রান্তে দেড় মাস ধরে হয়েছে শ্যুটিং। শুধু বেলা নন, এই ছবির মধ্য দিয়ে উঠে আসবে আরও অনেক গুণী মানুষের কথা, যাঁরা ছিলেন বাংলার গর্ব।

২৯ অগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—ঋতুপর্ণার এমন আইকনিক ও চ্যালেঞ্জিং চরিত্রে ফের একবার মুগ্ধ হতে।