হাসপাতালে ধরা পড়ল মোহনার অতীত! শুভর সন্দেহেই খুলে গেল গোপন সত্য! ছয় বছর আগের অন্ধকার রহস্যে নতুন মোড়

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ এখন উত্তেজনা তুঙ্গে। শুরু থেকেই সুস্মিত মুখার্জি আর উষসী রায়ের নতুন জুটিকে নিয়ে দর্শকদের উৎসাহের কমতি নেই। সেই রোম্যান্টিকতার পাশাপাশি এখন একের পর এক চমক আর রহস্য মিলে গল্প জমে উঠেছে। ধারাবাহিকের টিআরপিও ভালো জায়গায় আছে, আর প্রতিদিনই নতুন টুইস্ট এনে দর্শকদের নজর কাড়ছে।

গতকালের পর্বে দেখা গেল, ছাদ থেকে নামতে গিয়ে পিসি ঠাম্মি সিঁড়িতে পড়ে গিয়ে মাথা ফাটান। যদিও শুভ সঙ্গে সঙ্গে ঘরোয়া উপায়ে রক্ত বন্ধ করে ফেলে, পরে ডাক্তার এসে বলেন, সব সময় পিসি ঠাম্মির পাশে কাউকে থাকতে হবে। কিন্তু পিসি ঠাম্মি স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে কারও সাহায্য লাগবে না। এই নিয়ে কেউ আর জোর করে না। কিন্তু ঠিক এই সময়েই মোহনার রহস্যজনকভাবে ফিরে আসা নতুন করে উত্তেজনা ছড়ায়। তার ফিরে আসাটা একেবারে পরিকল্পনা করেই — এ কথা প্রায় স্পষ্ট।

আজকের পর্বে শুভকে দেখা যাবে ঘরের নানা কাজ সামলাতে। পিসি ঠাম্মির সেবাও করছে, এমনকি পুজোর আয়োজন সে নিজেই করতে চায়, ঠিক যেমন পিসি ঠাম্মি চান। এদিকে আদি আর রমিতকে সে পাঠিয়ে দেয় দশকর্মা কেনার জন্য। কিন্তু বাজারে যাওয়ার পথে হঠাৎ শুভর নজরে পড়ে একটা গাড়ি — যেটা সে আগের রাতেও দেখেছিল বাড়ির বাইরে। ব্যাপারটা তার সন্দেহজনক মনে হয়, আর তাই সে নিজেই গাড়ি নিয়ে ফলো করতে শুরু করে।

ফলো করতে করতে শুভ পৌঁছে যায় একটা হাসপাতালে। আর সেখানেই দেখা হয়ে যায় স্বপনের বোনের সঙ্গে। জানা যায়, সেই হাসপাতালেই স্বপন ভর্তি রয়েছে। পুরো ঘটনাটাই শুভর কাছে অদ্ভুত লাগে — এমন কাকতালীয়ভাবে সব কিছু ঘটে যাওয়া সহজে হজম হয় না। তার উপর এই একই হাসপাতালে কোথাও লুকিয়ে আছে মোহনার অতীত — যা ছয় বছর আগের এক অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িত।

আরও পড়ুনঃ Jeetu-Ditipriya Controversy: ‘AI দিয়ে বানানো চুমুর ছবি পাঠিয়েছেন’, সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিতিপ্রিয়ার, পাল্টা জবাব জীতুর!

বাড়িতে ফিরে এসে আদি সব কথা শুনে বলে শুভ হয়তো বাড়াবাড়ি করে ভাবছে, মোহনা এখানে থাকবে কেন? তবে শুভ ঠিক করে, আপাতত বাড়ির কাজ শেষ হোক, তারপর সে ঠিক এই মোহনার রহস্য খুঁজে বের করবেই। এখন দেখার, ছয় বছর আগের সেই গোপন সত্যিটা সত্যিই সামনে আসে কিনা — আর মোহনার এই নতুন চালের আসল উদ্দেশ্যটা ঠিক কী!