জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর জুটি জীতু কমল ও দিতিপ্রিয়া রায় পর্দায় যতটাই জমজমাট, শ্যুটিং ফ্লোরে তাঁদের সম্পর্ক এখন ততটাই উত্তপ্ত। কিছুদিন আগেই দু’জনকে নিয়ে নানা রকম গুঞ্জনে সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। শোনা যাচ্ছিল, তাঁরা একে অপরের সঙ্গে কাজ ছাড়া আর কোনও কথাই বলছেন না।
এই সমস্ত জল্পনায় জল ঢালতেই কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে নিজেদের মধ্যে কোনও সমস্যা নেই বলে জানিয়েছিলেন জীতু ও দিতিপ্রিয়া। কিন্তু সেই ‘সমঝোতা’র বেশিদিন স্থায়িত্ব রইল না। কারণ এবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে নাম না করে জীতু কমলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনলেন দিতিপ্রিয়া রায়।
নিজের পোস্টে দিতিপ্রিয়া দাবি করেন, ধারাবাহিক শুরু হওয়ার এক মাস পর থেকেই তাঁর সঙ্গে কথা বন্ধ করে দেন সহ-অভিনেতা। কারণ হিসেবে উল্লেখ করেন, তাঁর মা-কে জীতু ভয় পান। উল্লেখযোগ্যভাবে, দিতিপ্রিয়ার মা প্রায়শই মেয়ে দিতিপ্রিয়ার সঙ্গে শ্যুটিং স্পটে উপস্থিত থাকেন।
এখানেই শেষ নয়। আরও গুরুতর অভিযোগ আনেন দিতিপ্রিয়া। তিনি লেখেন, জীতু কমল নাকি তাঁকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন এবং AI দিয়ে তৈরি একটি চুম্বনের ছবি পাঠিয়ে বলেন সেটি যেন দিতিপ্রিয়ার প্রেমিককে দেখানো হয়। এমনটাই দাবি অভিনেত্রীর। এই ঘটনাগুলির কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানান।
দিতিপ্রিয়া আরও জানান, ধারাবাহিকের একটি ঘনিষ্ঠ দৃশ্যের ছবি জীতু পোস্ট করেছিলেন, যেটি তাঁর একেবারেই পছন্দ হয়নি। তিনি ছবিটি মুছে ফেলার অনুরোধ করেন। যদিও ছবিতে কোনও অশ্লীল মন্তব্য আসেনি বলেও তিনি স্বীকার করেছেন। পাশাপাশি এটাও বলেন, তিনি সবসময়েই সহ-অভিনেতাকে সম্মান করেছেন, কিন্তু পরিস্থিতি একপাক্ষিক হয়ে যাওয়ায় তাঁর দিকটা পরিষ্কার করাটা জরুরি হয়ে উঠেছিল।
এই প্রসঙ্গে যোগাযোগ করা হলে জীতু কমল বিষয়টিকে একেবারেই গুরুত্ব না দিয়ে বলেন, এই সমস্ত অভিযোগ হাস্যকর। তিনি দাবি করেন, দিতিপ্রিয়া অনেক ছোট এবং খুব একটা বুঝেশুনে লেখেননি। তাঁর কথায়, দিতিপ্রিয়াই প্রথম মেসেজ করেছিলেন এবং সমস্ত কথোপকথনের স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে।
জীতু জানান, তিনি সাধারণত শ্যুটিং সেটে খুব বেশি কথা বলেন না। কাজ শেষ করে নিজের ঘরে ফিরে বই পড়তেই পছন্দ করেন। তিনি এটাও বলেন, দিতিপ্রিয়ার মতো ভুল তিনি করবেন না, কারণ তিনি নিজেকে একজন পেশাদার অভিনেতা হিসেবে দেখেন। ভবিষ্যতে যা পরিস্থিতি তৈরি হোক না কেন, অভিনয়ে কোনও প্রভাব ফেলতে দেবেন না বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে ‘গৃহপ্রবেশ’ সিনেমায় কাজ করার পর এবং ধারাবাহিকেও জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই অনেকে ঈর্ষান্বিত হয়ে এমন অভিযোগ করছেন — এমন ইঙ্গিতও দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুনঃ রাত কাটত স্টেশনে, আজ লক্ষ টাকার গাড়ির মালকিন—স্বস্তিকার লড়াই যেন সিনেমার চেয়ে কম নয়
এই ঘটনায় নেটদুনিয়া দুই ভাগে বিভক্ত। কেউ দিতিপ্রিয়ার পাশে, কেউ বা জীতুর সমর্থনে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, পর্দার রসায়নের এই বাস্তব টানাপোড়েন আগামী দিনে ধারাবাহিকের ওপর কতটা প্রভাব ফেলবে।





