‘আমরা দুজনেই বেস্ট’ ঝড় থেমে ফিরল শান্তি, জিতু-দিতিপ্রিয়ার মনোমালিন্যের অবসান

টলিপাড়ায় গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। এমনকি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছিল। দর্শকদের মনে প্রশ্ন জাগছিল—তাহলে কি ধারাবাহিকে নতুন মুখ আসছে?

৮ আগস্ট সন্ধ্যায় দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, প্রোডাকশন হাউজের সহযোগিতায় সহ-অভিনেতার সঙ্গে তার ভুল বোঝাবুঝি মিটে গেছে। এই বার্তা দেখে ভক্তরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতদিন ধরে চলা উত্তেজনার অবসান ঘটল।

দিতিপ্রিয়ার পোস্টের কিছুক্ষণ পরেই জিতুও একটি বার্তা দেন। তিনি লেখেন, “আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। এসব আর মনে রাখলাম না। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। আই এম দা বেস্ট… না, সরি, আমরা দুজনেই বেস্ট।” জিতুর এই কথায় মিলেমিশে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।

প্রথম থেকেই জিতু জানিয়েছিলেন, ব্যক্তিগত সমস্যা তিনি কখনও পেশাগত জীবনে টানেন না। তাই ধারাবাহিক ছেড়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তবে দিতিপ্রিয়ার এক মন্তব্যে দর্শকরা ভেবেছিলেন, তিনি হয়তো শো ছেড়ে দেবেন। সেই জল্পনাই এখন থেমে গেল।

আরও পড়ুনঃ “দেবশ্রীকে বুঝতে পারিনি… বিয়ের কপালটা আমার খারাপ” দেবশ্রীকে নিয়ে আক্ষেপ প্রসেনজিতের! কেন ভেঙেছিল প্রসেনজিৎ–দেবশ্রীর সম্পর্ক? জানালেন বুম্বাদা

শেষমেশ দু’জনের এই ইঙ্গিতপূর্ণ পোস্টে বোঝা গেল, ধারাবাহিক থেকে কেউই বিদায় নিচ্ছেন না। অনুরাগীরা আবারও নিশ্চিত হলেন—‘চিরদিনই তুমি যে আমার’-এ জিতু ও দিতিপ্রিয়াকে একসঙ্গেই দেখা যাবে। ঝড় কেটে গেছে, ফিরেছে আগের মতো সম্পর্ক আর কাজের ছন্দ।