টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে বেঁধেছিলেন জুটি! কেরিয়ারের মধ্য গগনে কোথায় হারিয়ে গেলেন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ?

বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফিরদৌস আহমেদ—কলকাতার দর্শকরাও যার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এক সময় টলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন পর্দা থেকে হারিয়ে গেলেন এপার বাংলার সিনেমায়। কোথায় ছিলেন এতদিন? কেন আর কলকাতার ছবিতে দেখা যায় না তাকে?

সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফিরদৌস নিজেই জানালেন কারণ। তার কথায়, গত বিশ বছর ধরেই টলিউডের ছবি করার প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু দেশে এত বেশি ব্যস্ততা, একের পর এক সিনেমায় শিডিউল—তাই সময়ই মেলে না কলকাতার ছবির জন্য। তবে কয়েকজন নির্মাতার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে কথা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

অবশ্য ফিরদৌসের কলকাতা-যাত্রা কিছু বছর থমকে গিয়েছিল রাজনৈতিক বিতর্কে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করায় তার ভিসা বাতিল হয়। ফলস্বরূপ, প্রায় আড়াই বছর কলকাতায় আসতে পারেননি তিনি। অবশেষে ২০২১ সালের নভেম্বরে ভারত সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। তারপর থেকে আবার আগের মতো যাতায়াত শুরু করেছেন। এ বছরের জানুয়ারিতেই চার দিনের জন্য কলকাতায় ঘুরে গিয়েছেন তিনি।

ভক্তদের সঙ্গে সংযোগ রাখতে এবার খুলেছেন নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ। “আমি হয়তো সামাজিক মাধ্যমে খুব সক্রিয় নই, কিন্তু ভক্তদের তো জানার অধিকার আছে আমি কী করছি। সেই ভাবনা থেকেই এই পেজ খোলা,” বললেন ফিরদৌস।

যদিও আপাতত বাংলাদেশের সিনেমাতেই ব্যস্ত তিনি, তবে টলিউডে ফিরদৌসকে আবার কবে দেখা যাবে—এমন প্রত্যাশা এখনও রয়ে গেছে ভক্তদের মনে।