শুভশ্রীর প্রথম ছবি টলিউডে নয়, শুরুটা হয়েছিল অন্য রাজ্যে

টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই থাকেন শুভশ্রী গাঙ্গুলি। আজ তিনি বাংলা সিনেমার এক নম্বর নায়িকা, কিন্তু তাঁর অভিনয়যাত্রার শুরুটা কিন্তু বাংলা সিনেমায় নয়। অনেকেই মনে করেন তাঁর প্রথম ছবি টলিউডে, কিন্তু আসলে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ওড়িয়া সিনেমায়।

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ওড়িয়া ছবি মাতে তা লাভ হেলারে। তখন কেরিয়ারের একেবারে শুরুর পথে শুভশ্রী। বর্ধমানের মেয়ে হয়েও প্রথম সুযোগ এল ওড়িশা থেকে। ছবিটি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল এবং আসলে এটি ছিল তেলুগু স্টুডেন্ট নম্বর ১–এর ওড়িয়া রিমেক।

মজার বিষয়, নায়িকা হওয়ার আগেই শুভশ্রী অভিনয় করেছিলেন জিতের বোনের চরিত্রে। পিতৃভূমি ছবিতে জিত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় তাঁকে। এরপরেই তিনি নায়িকা হিসেবে টলিউডে অভিষেক করেন ২০০৮ সালের বাজিমাত ছবিতে, সোহম চক্রবর্তীর বিপরীতে। ২০০৯ সালে দেবের সঙ্গে চ্যালেঞ্জ করে আরও জনপ্রিয়তা পান।

শুধু বাংলা বা ওড়িয়া নয়, শুভশ্রী বলিউডেও অভিনয় করেছেন। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি স্পার্ক, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন রজনীশ দুগ্গল।

বর্তমানে শুভশ্রী বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধর্মী কাজেও নিজেকে প্রমাণ করেছেন। পরিণীতা, ধর্মযুদ্ধ, বৌদি ক্যান্টিন, হাবজি গাবজি— প্রতিটি ছবিতেই প্রশংসা কুড়িয়েছেন। এমনকি ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল–এ ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে তিনি নতুনভাবে চমক দিয়েছেন দর্শককে। এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিচ্ছেন তিনি, যেন বারবার নিজেকে নতুন করে তৈরি করতে পারেন।