ইয়ানিনি চবিতি’ মায়ের সঙ্গে নাম প্র্যাকটিসে ব্যস্ত ইয়ালিনি, খুদের আদো আদো কথা শুনে মুগ্ধ নেটিজেনরা

কাজের বাইরে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক। বাড়ি ফিরেই ফোন সরিয়ে রেখে ছেলেমেয়ের সঙ্গেই সময় কাটান তিনি। ইউভান ইতিমধ্যেই স্কুল ও পড়াশোনায় ব্যস্ত হয়ে উঠছে। তবে ছোট্ট ইয়ালিনির দুনিয়া এখনো খেলা-ধুলা, আদর আর মায়ের সঙ্গে ছোট ছোট প্র্যাকটিসেই ঘুরপাক খায়।

সম্প্রতি শুভশ্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনদের মন একেবারে গলে গেছে। সেখানে দেখা যাচ্ছে, সোফায় শুয়ে শুয়েই মায়ের সঙ্গে নিজের নাম বলা অনুশীলন করছে ইয়ালিনি। শুভশ্রী তাকে জিজ্ঞেস করছেন, “হোয়াট ইজ ইওর নেম?” আর তাতে আদো আদো গলায় উত্তর দিচ্ছে, “ইয়ানিনি চবিতি।” উচ্চারণে সামান্য ভুল হলেও সেই মিষ্টি গলায় নাম বলতেই নেটিজেনরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

মজার বিষয় হলো, নিজের নাম আদুরে টানে বললেও দাদা ইউভান আর বাবা রাজের নাম বেশ স্পষ্টভাবেই উচ্চারণ করতে পারে ইয়ালিনি। তবে পদবী বলা বা বাড়ির ঠিকানা মুখস্থ করার মতো বিষয়গুলো এখনও তার নাগালের বাইরে। তবুও শুভশ্রীর ধৈর্য আর যত্ন দেখে বোঝা যায়, খুব দ্রুতই এসব শিখে ফেলবে ছোট্ট রাজকন্যা।

টলিউডে তারকাদের সন্তানদের মধ্যে ইউভান আর ইয়ালিনির জনপ্রিয়তা আলাদা। মাঝেমধ্যেই তাদের মিষ্টি দুষ্টুমির ছবি বা ভিডিয়ো ভাইরাল হয়। কখনও স্পাইডারম্যান-সুপারম্যান সেজে খেলা, কখনও আবার বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া— সব মিলিয়ে নেটিজেনরা প্রায়ই এই দুই তারকা-সন্তানের খুনসুটি উপভোগ করেন। শুভশ্রী আর রাজও কাজের ব্যস্ততার মাঝেই চেষ্টা করেন ছেলে-মেয়ের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। এর মাঝেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন নায়িকা। তবে ব্যস্ততার ফাঁকেও যে তিনি পুরোপুরি একনিষ্ঠ মা, সেই প্রমাণ আবারও দিল ছোট্ট ইয়ালিনির এই নাম প্র্যাকটিসের মুহূর্ত।