বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী এসেছেন, কাজ করেছেন এক-দুটি সিরিয়ালে, তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। কেউ ইচ্ছে করেই ইন্ডাস্ট্রি ছেড়েছেন, কেউ আবার চাইলেও ফেরার সুযোগ পাননি। সেই তালিকায় রয়েছেন জি বাংলার জনপ্রিয় মুখ শ্রেয়শ্রী রায়, যাকে আজও দর্শকরা মনে রাখেন ‘ভানুমতি’ নামেই।
জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ভানুমতির খেল-এর নায়িকা হিসেবে শ্রেয়শ্রী রাতারাতি পরিচিতি পেয়েছিলেন। দর্শকদের কাছে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে ধারাবাহিক শেষ হওয়ার পরও সবাই ভেবেছিলেন তিনি নিশ্চয়ই আরেকটি বড় সুযোগ পাবেন। কিন্তু বাস্তবে ঘটল উল্টো। আর কোনো নতুন ধারাবাহিকে নায়িকা হিসেবে ফিরতে পারলেন না তিনি। অথচ তার সহঅভিনেতা রুবেল দাস তখন থেকে নিয়মিতই কাজের সুযোগ পেতে থাকেন এবং এখনো অভিনয়ে ব্যস্ত।
শ্রেয়শ্রীর কথায়, ‘ভানুমতির খেল’ শেষ হওয়ার পরও তার কাছে অনেক ধারাবাহিকের প্রস্তাব এসেছিল। তবে সেগুলো ছিল পার্শ্বচরিত্রের জন্য। নায়িকা হিসেবে যিনি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন, তিনি পার্শ্বচরিত্রে রাজি হননি। আরও বড় দুঃখের বিষয়, যেসব সিরিয়ালের জন্য তাকে নায়িকা হিসেবে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছিল, শেষ পর্যন্ত সেই চরিত্রগুলো অন্যদের হাতে চলে যায়। এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি স্বীকার করেছিলেন, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শুধু অভিনয় দক্ষতা থাকলেই হয় না, ভাল সম্পর্কও জরুরি। আর সেই সম্পর্ক না থাকলে টিকে থাকা কঠিন।
মাঝে গুঞ্জন উঠেছিল, জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী-তে দেবী দুর্গার চরিত্রে ফিরবেন শ্রেয়শ্রী। অনেক ভক্তই উচ্ছ্বসিত হয়েছিলেন খবর শুনে। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনা আর সত্যি হয়নি। ফলে দর্শকের অপেক্ষা থেকে গেল আরও দীর্ঘ। তবুও শ্রেয়শ্রীর বিশ্বাস, সময় লাগলেও একদিন তিনি আবারও শক্তিশালী চরিত্র নিয়ে ফিরে আসবেন।
আরও পড়ুনঃ ৮০-র দশকে পর্দায় লাগিয়েছিলেন আগুন! নাম জড়িয়েছিলেন দাউদের সঙ্গেও, কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী?
ভক্তরা আজও তাকে মিস করেন, বিশেষ করে রুবেল দাসের সঙ্গে তার পর্দার জুটি। দর্শকদের আশা, কোনো একদিন নিশ্চয়ই প্রিয় ‘ভানুমতী’ আবারও অভিনয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নেবেন। আর শ্রেয়শ্রীও নিজেকে বিশ্বাস করান, অভিনয়ের প্রতি ভালোবাসা আর নিজের দক্ষতাই একদিন তাকে ফের পর্দায় ফিরিয়ে আনবে।





