‘তাপসের মৃত্যুতেও একই ঘটনা ঘটিয়েছিলেন চিরঞ্জিৎ!’ জয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর চিরঞ্জিতের প্রতিক্রিয়া শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী

দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর শোকপ্রকাশ করেছেন অনেকেই। তবে এক বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তিনি দাবি করেছেন, জীবনের শেষ সময়ে জয় প্রবল অর্থকষ্টে ছিলেন। এমনকি চিকিৎসার জন্য তিনি চিরঞ্জিতের কাছে নাকি পাঁচ লক্ষ টাকা চেয়েছিলেন। কিন্তু সেই সাহায্য করতে পারেননি তিনি। এই কথাই প্রকাশ্যে এনে ক্ষোভের মুখে পড়েছেন চিরঞ্জিৎ।

এ প্রসঙ্গে মুখ খুলেছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। আনন্দবাজার অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, “আমি ভুক্তভোগী। তাপসের মৃত্যুর পরেও চিরঞ্জিৎদা এমনই অসংবেদনশীল মন্তব্য করেছিলেন। তখনও আমাদের খুব কষ্ট হয়েছিল।” নন্দিনীর কথায়, একজন চলে যাওয়ার পর এভাবে তাঁর অভাব-অভিযোগ সামনে আনা পরিবারের জন্য দুঃসহ হয়ে ওঠে।

নন্দিনীর মতে, যদি সত্যিই চিরঞ্জিৎ সাহায্য করতে না পারেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রকাশ্যে সে কথা বলা একেবারেই উচিত নয়। তিনি প্রশ্ন তোলেন, “উনি চাইলে অন্যদের জানাতে পারতেন, বাকিদের কাছ থেকে সাহায্য চাইতে পারতেন। এখন এইসব কথা বলে কী হবে? এতে মৃত মানুষটার অসম্মান হয় না? বরং যারা রয়ে গেল, তাদের বুকে আঘাত লাগে।”

কথা বলতে বলতে নন্দিনী ফিরে যান তাপস পালের মৃত্যুর স্মৃতিতে। কণ্ঠ আবেগে ভিজে আসে তাঁর। বলেন, “তাপসের পরও উনি একইভাবে মন্তব্য করেছিলেন। তখন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমাদের মেয়ে সোহিনীও খুব কষ্ট পেয়েছিল। যাঁকে নিয়ে বলা হচ্ছে, তিনি তো আর শোনার অবস্থায় নেই। কিন্তু তাঁর পরিবারকে যে কতটা আঘাত দেয়, সেটা হয়তো চিরঞ্জিৎদা বোঝেন না।”

শেষে নন্দিনী আরও এক প্রশ্ন ছুঁড়ে দেন। তাঁর সন্দেহ, নিছক প্রচারের আলোয় আসতেই কি এ রকম সংবেদনশীল বিষয় বারবার টেনে আনছেন চিরঞ্জিৎ? নন্দিনীর মতে, মানুষের সহানুভূতি আদায়ের বদলে এভাবে বরং মৃতদের স্মৃতি কলঙ্কিত হচ্ছে। আর বেঁচে থাকা প্রিয়জনরা বারবার ভেঙে পড়ছেন।